দিনাজপুরে আ. লীগ সরব, বিএনপি নীরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর পৌরসভায় আজ বুধবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও বেশির ভাগ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেলা ১১টা পর্যন্ত তুলনামূলকভাবে কম দেখা গেছে। দুই একটিতে একটু বেশি ভোটারও দেখা গেছে। এর মধ্যে বেশির ভাগ কেন্দ্রেই আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে। সে তুলনায় বিএনপির প্রার্থীরা ছিলেন নীরব।

বিএনপির মেয়রপ্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সমর্থকদের সরব উপস্থিতি ভোটকেন্দ্রে দেখা যায়নি। এর মধ্যে একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার একটি অভিযোগ পাওয়া গেছে। সকাল থেকে দিনাজপুর শহরে চারটি কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে। সকালে শহরের অ্যাকাডেমিয়া স্কুলকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি একেবারেই কম। এর মধ্যে এই কেন্দ্রে আলী হোসেন নামের এক ভোটার ভোট দিতে গিয়ে দেখেন তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। বিষয়টি তিনি প্রিসাইডিং কর্মকর্তাকেও জানান। কিন্তু কোনো লাভ হয়নি। জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি ব্যাপারটি শুনেছেন। কিন্তু এ বিষয়ে তাঁর তেমন কিছু করার নেই। জাল ভোট ঠকানোর জন্য তিনি পোলিং এজেন্টদের সজাগ থাকার পরামর্শ দেন।

এর আগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা শতাধিক কেন্দ্রের বাইরে মহড়া দিচ্ছেন। সেখানে তাঁদের সরব উপস্থিতি দেখা গেছে। ভেতরে গিয়ে দেখা যায়, ভোটারদের উপস্থিতি কম। বাইরে বিএনপির নেতা শাহজালাল রোজ প্রথম আলোকে বলেন, তাঁদের অনেকে মামলা মোকদ্দমার ভয়ে সরবে উপস্থিত হতে পারছেন না। এ জন্য ব্যাজ না পরেই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন।

ইকবাল হাইস্কুলে গিয়ে ভোটারদের কম উপস্থিতি দেখা গেছে। তবে দক্ষিণ বালুয়াডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বেশ উপস্থিতি দেখা গেছে।