দিনাজপুরে ডিসির বক্তব্য প্রত্যাহার দাবি আ.লীগের
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের সাংসদ শিবলী সাদিকের বিরুদ্ধে জেলা প্রশাসক (ডিসি) আহমদ শামীম আল রাজী অপপ্রচার চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল শনিবার দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই চার উপজেলার আওয়ামী লীগের নেতারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাফে খন্দকার শাহানশাহ্। লিখিত বক্তব্যে বলা হয়, ১ অক্টোবর নবাবগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে নিয়োগ করা নৈশপ্রহরীদের বেতন ছাড় করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদকে লাঞ্ছিত ও তাঁর কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার একটি সংবাদপত্রে শিবলী সাদিককে প্রশাসনের বয়কট-সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়। খবরটিতে আহমদ শামীম আল রাজীকে উদ্ধৃত করে বলা হয়, জেলা প্রশাসন ঘটনায় সাংসদ শিবলী সাদিকের সম্পৃক্ততার কথা উল্লেখ করে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে প্রতিবেদন দিয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, একজন দুর্নীতিগ্রস্ত ইউএনওকে সহযোগিতা ও সাংসদ শিবলী সাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় এবং আওয়ামী লীগ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে জেলা প্রশাসক এ ধরনের বক্তব্য দিয়েছেন। নৈশপ্রহরী নিয়োগ নীতিমালা অনুযায়ী সাংসদের পরামর্শক্রমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা থাকলেও নিয়োগ কমিটি তা করেনি। প্রতিটি নিয়োগে পাঁচ থেকে সাত লাখ টাকা নিয়ে ভুয়া রেজুলেশন খাতা তৈরি, ভুয়া শিক্ষা কমিটি এবং মেয়াদোত্তীর্ণ ম্যানেজিং কমিটি দিয়ে অবৈধভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়।
এদিকে বর্তমান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির নূরে আলম সিদ্দিকী বেতন ছাড়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া ৩৯ জন নৈশপ্রহরীদের কাছ থেকে নতুন করে জনপ্রতি এক লাখ ২০ হাজার টাকা করে হাতিয়ে নেন। শিক্ষা কমিটির কোনো রেজুলেশন ছাড়াই নূরে আলম সিদ্দিকী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ওই নৈশপ্রহরীদের বেতন ছাড়ের লিখিত নির্দেশ দেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউএনও বেতন ছাড় দিয়েছেন বলে প্রচার করেন। এ খবর পেয়ে নৈশপ্রহরী পদে নিয়োগবঞ্চিত ও এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ১ অক্টোবর ইউএনও কার্যালয় ভাঙচুর ও তাঁকে মারধর করেন। এ ঘটনায় ইউএনও কার্যালয়ের সুপারিনটেনডেন্ট একটি মামলা করেন। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে ইউএনওকে লাঞ্ছিত ও তাঁর কার্যালয় ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে জেলা প্রশাসক যে প্রতিবেদন পাঠিয়েছেন, তা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানানো হয়।
এ ব্যাপারে আহমদ শামীম আল রাজী জানান, সাংসদকে নিয়ে পত্রিকায় যে বক্তব্য ছাপা হয়েছে, এ রকম কোনো বক্তব্য তিনি দেননি। আর সাংসদকে অসহযোগিতার করার প্রশ্নই আসে না।