দিনাজপুরে বিএনপির ২৮১ কর্মীর আ.লীগে যোগদান
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ২৮১ জন বিএনপির কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিকের হাতে ফুল ও ক্রেস্ট দিয়ে তাঁরা ক্ষমতাসীন দলে যোগ দেন।
ইউনিয়নের নয়পাড়া (শিবপুর) ঈদগাহ মাঠে আয়োজিত এ যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আ. রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদের ব্যক্তিগত সহকারী সায়েম সবুজ।
আওয়ামী লীগের পক্ষ থেকে যোগদান করা কর্মীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দবিরুল ইসলাম তাঁদের শপথ বাক্য পাঠ করান।
সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া মো. মতিয়ার রহমান, মোফাজ্জল হোসেন ও তাঁর ছেলে মোক্তার হোসেন, জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, যোগদান করা কর্মীদের সবার বাড়ি বর্তমান সাংসদের বাড়ি-সংলগ্ন। নিজেদের বাড়ির পাশের সাংসদ হওয়ায় তাঁরা সাংসদের বিরোধিতা না করে এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে সাংসদ শিবলী সাদিক বলেন, তাঁর বাবাও উপজেলা চেয়ারম্যান ও সাংসদ ছিলেন। তিনিও (শিবলী সাদিক) উপজেলা চেয়ারম্যান থেকে সাংসদ হয়েছেন। অথচ তাঁর বাড়ির ধারে এত লোক বিরোধী দল করতেন। এটি তাঁর ব্যর্থতা। দেরিতে হলেও প্রতিবেশীরা ভুল বুঝতে পেরেছেন, এতেই তিনি খুশি।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা নেই।