দিনে আইভী হাঁটেন ১৪ কিমি, সাখাওয়াত ২২ কিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান
সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের দিনযাপনে এসেছে বিরাট পরিবর্তন। দিন বিশেক আগেও আইনজীবী পেশার সাখাওয়াত যেতেন আদালতে। ফিরতেন বিকেলে। আর মেয়র পদ থেকে পদত্যাগের আগ পর্যন্ত আইভী সকালে উঠে যেতেন নগর ভবনে।
৫ ডিসেম্বর নির্বাচনী প্রতীক বরাদ্দের পর দুজনই রোজ সকালে বের হন, যান ভোটারদের দ্বারে দ্বারে। তাঁদের প্রচারসঙ্গীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইভী গণসংযোগে প্রতিদিন অন্তত ১৪ কিলোমিটার হেঁটেছেন। সাখাওয়াত হেঁটেছেন গড়ে প্রতিদিন ২২ কিলোমিটার। তাঁরা রাতে ঘুমাচ্ছেন মাত্র তিন ঘণ্টা।
সাখাওয়াত হোসেন খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রতীক বরাদ্দ দেওয়ার দিন থেকে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। ফজরের নামাজ পড়েই চলে যাই ভোটারের কাছে। ভোট ছাড়া আমার মাথায় আর কিছুই নেই।’
আওয়ামী লীগের প্রার্থী আইভীর প্রচার সেলের প্রধান জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৫ দিন আগে আইভী প্রতীক বরাদ্দ পান। সেদিন থেকে গতকাল পর্যন্ত প্রতিদিন ১২ থেকে ১৪ কিলোমিটার হেঁটেছেন তিনি। রাত দুইটার পর ঘুমাতে গেছেন।
মেয়র পদপ্রার্থী আইভীর বাসা নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায়। আর সাখাওয়াতের বাসা মিশনপাড়ায়। গতকাল বেলা দুইটায় আইভীর বাসায় গিয়ে দেখা যায়, আইভী তাঁর কর্মীদের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বাসার ভেতরে ঢুকে যান।
বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা আনোয়ার হোসেন বললেন, ‘ফজরের নামাজের আগে আপা ঘুম থেকে ওঠেন। সকাল নয়টায় বাসা থেকে বের হন। প্রচার শেষে দুপুরে একবার বাসায় আসেন। কিছুক্ষণ থাকার পর আবার বেরিয়ে পড়েন।’
সাখাওয়াত হোসেন আগে ঘুমাতে যেতেন রাত ১০ থেকে ১১টার মধ্যে। ভোটে দাঁড়ানোর পর রাত দুই-তিনটার আগে বিছানায় যেতে পারেন না। তিনি বলেন, ভোট আসার পর থেকে ঘুম কমে গেছে। গভীর রাতে ঘুমাতে যান এবং ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে যান। তাঁর হিসাবে গত ১৫ দিন তিনি তিন ঘণ্টার মতো ঘুমিয়েছেন।
সাখাওয়াত বলেন, ‘জীবনে কোনো দিন এত হাঁটাহাঁটি করিনি। মেয়র প্রার্থী হওয়ার পর মাইলের পর মাইল হাঁটছি। তবে ভোটাররা যখন জড়িয়ে ধরেন তখন হাঁটার সব ক্লান্তি ভুলে যাই। সব পরিশ্রম সার্থক হবে যদি ভোটে জয়ী হই।’
আইভীর প্রচার সেলের জহিরুল বলেন, আগে রাত নয়টা-দশটার দিকে বাসায় ঢুকতেন আইভী। এখন রাত এক-দেড়টা পর্যন্ত বাসায় নেতা–কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করতে হয়। এরপর ঘুমাতে যান।
জহিরুল বললেন, আইভী আগেও হেঁটেছেন। এবারও হাঁটছেন। কোনো ক্লান্তি নেই। তিনি বললেন, আইভী মাত্র আটজন লোক নিয়ে বাড়ি থেকে বের হন। রাস্তায় বের হলেই জনগণ তাঁকে ঘিরে ধরেন। মানুষ তাঁর সঙ্গে সেলফি তোলেন।