দিরাইয়ে আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের দুই পক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণসভা ও জঙ্গিবাদবিরোধী সমাবেশের ডাক দেয়। পরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
উপজেলার তাড়া ইউনিয়নের ধল পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় এ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বেলা ১টা ৪৫ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত ওই উচ্চবিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশ সমাবেশের ঘোষণা দেয়। এই সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতাদের অতিথি করা হয়। একই সময়ে একই স্থানে অপর অংশের ডাকা সমাবেশে অতিথি করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে। এ নিয়ে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বেলা একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলতাফ হোসেন, সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. সুরত আলম প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ১৪৪ ধারা জারি করা হয়।
তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁরা এক সপ্তাহ আগে উপজেলা কমিটির নেতাদের সঙ্গে কথা বলে এই কর্মসূচি দেন। কিন্তু হঠাৎ করেই দলের আরেকটি পক্ষ এখানে সমাবেশ করার ঘোষণা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।
অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, তাঁরাই আগে সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। তাঁদের সমাবেশ ঠেকাতেই পরে অন্যরা আরেকটি সমাবেশের ঘোষণা দেন।
সহকারী পুলিশ সুপার মো. সুরত আলো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।