দিল্লি গেছেন এরশাদ
পাঁচ দিনের সফরে দিল্লি গেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ বুধবার সকাল সোয়া ১০টায় ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন।
জাপার বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে এরশাদ আজমির শরিফে হজরত খাজা মঈনুদ্দীন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরশাদের সঙ্গে গেছেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য মো. খালেদ আখতার ও এরশাদের গণমাধ্যম এবং রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।
সর্বশেষ গত ২৩ এপ্রিল এরশাদ পাঁচ দিনের সফরে ভারতের কোচবিহার যান। লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে এরশাদ তাঁর জন্মস্থান কোচবিহার জেলার দিনহাটি যান।
আজ সকালে বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আবুল কাশেম প্রমুখ। ২৩ জুলাই তিনি ঢাকায় ফিরবেন বলে দলের নেতারা জানিয়েছেন।