দিল্লি গেলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে ছয় দিনের সফরে আজ বৃহস্পতিবার দিল্লি গেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী রাশিদা খানমকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট সকাল ১০টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে আছেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদসচিব, তিন বাহিনীর প্রধান এবং সংশ্লিষ্ট বেসামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির এই সফর এমন এক সময়ে ঘটছে, যখন প্রতিবেশী এই দুই দেশ শিগগিরই দীর্ঘ প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি অনুমোদনের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আশা করছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের রাষ্ট্রপতি ভবনে সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন। এ ছাড়া রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন।
আগামী ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা। বাসস