বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সব দেখে শুনে মনে হয়, এই সন্ত্রাসী দুঃশাসনের প্রধান মুখপাত্র স্বয়ং বর্তমান অবৈধ সরকারের প্রধান। তাঁর কাছে অহম ও ক্ষমতালিপ্সা বাংলাদেশের চেয়েও প্রিয়।’
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন।
গতকাল ভোর ছয়টায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের বাসা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে ডিবি পুলিশ। এর পাঁচ ঘণ্টা পর বেলা ১১টায় খালেদা জিয়া এ বিবৃতি দেন। তিনি অবিলম্বে গয়েশ্বর রায়ের মুক্তির দাবি জানান।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘আমার আদালতে হাজিরাকে কেন্দ্র করে ২৪ ডিসেম্বর বকশীবাজার এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী সশস্ত্র পান্ডারা যেভাবে পৈশাচিক হামলা করে, তাতে মনে হয় এই অবৈধ সরকার এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। আর এই যুদ্ধে তারা মূলত জনগণকেই প্রতিপক্ষ বানিয়েছে। সব দেখে-শুনে মনে হয়, এই সন্ত্রাসী দুঃশাসনের প্রধান মুখপাত্র হচ্ছেন স্বয়ং বর্তমান অবৈধ সরকারের প্রধান।’
বিবৃতিতে খালেদা জিয়া সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, ‘উদ্বেল মিছিলে মিছিলে সংগ্রামী জনগণ এখন শৃঙ্খল ভেঙে এই অবৈধ ক্ষমতাসীনদের ক্ষমতাবিলাসের যবনিকাপাত ঘটাতে ধেয়ে আসছে।’
বিবৃতিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বিএনপির নেতা হাবিব-উন-নবী খান, আজিজুল বারী, হাবিবুর রশীদ, ছাত্রদলের নেতা রাজীব আহসানসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।