দুঃসময়ে হাইব্রিডদের খুঁজে পাওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের অভ্যন্তরের ‘হাইব্রিড’ ও ‘আসল’ নেতা-কর্মীদের চিনে রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তাঁর ভাষায়, ‘আজকে সরকার ক্ষমতায় আছে। অনেকে আছে ক্ষমতার সুবিধাভোগী। এই ক্ষমতার রাজনীতিতে অনেকের অনুপ্রবেশ ঘটবে। হাইব্রিডদের ভিড়ে যেন আসল কর্মীরা হারিয়ে না যায়। দুঃসময় এলে বাতি দিয়েও এই হাইব্রিডদের খুঁজে পাওয়া যাবে না।’

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুব মহিলা লীগ আয়োজিত স্মরণসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতীয় শোক দিবসে ব্যানার-বিলবোর্ড ও পোস্টারে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর ছবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যখন বঙ্গবন্ধুর ছবির সঙ্গে পোস্তগোলার রাস্তায় ৫০টি ছবি দেখি, তখন আমার লজ্জা হয়। আধুলি নেতা, পাতি নেতা; এগুলোকে চিনিও না, জানিও না। কম্পিউটারের মাধ্যমে ছবি পরিবর্তন করে ফেলে। সামনে দেখি একরকম, বিলবোর্ডে দেখি আরেক রকম।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া এবার ১৫ আগস্ট জন্মদিন পালন করেননি। আমি বলব, এতে খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হয়নি। তিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেননি। তাঁর দলের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যাদুর্গতদের জন্য তিনি এবার ১৫ আগস্ট জন্মদিন পালন করেননি। আমি চ্যালেঞ্জ করছি, তিনি যে বন্যার অজুহাত দেখিয়ে কেক কাটা থেকে বিরত ছিলেন; কিন্তু তিনি এবং তাঁর দলের জাম্বুজেট আকারের কমিটির কোনো নেতা-কর্মী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াননি।’

স্মরণসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কোনো পরাশক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার সাহস পেত না, যদি আমাদের অভ্যন্তরীণ মুনাফিকরা সহায়তা না করত। এখনো কিন্তু সেই মীরজাফর, মুনাফিকরা আছে। তারা দলের মধ্যে আছে, সরকারের মধ্যেও আছে।’

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফারুক খান, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, যুব মহিলা লীগের নেত্রী অপু উকিল, সাবিনা আক্তার প্রমুখ।