চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের দুই অধ্যক্ষের অপসারণ চেয়েছে ছাত্রলীগ। গতকাল হাজী মুহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ছাত্রলীগের নেতারা।
কলেজ প্রশাসনকে শিবির সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে উল্লেখ করে দুই অধ্যক্ষের মুঠোফোনের কললিস্ট যাচাই করারও দাবি জানান। তাঁরা বলেন, কললিস্ট যাচাই হলে শিবিরের সঙ্গে যোগাযোগ ও প্রশ্রয় দেওয়ার বিষয়টি প্রমাণিত হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী কামরুল হুদা।
সংবাদ সম্মেলনে দুই কলেজের অধ্যক্ষকে অপসারণ এবং জামায়াত-শিবিরকে প্রত্যক্ষভাবে মদদ দেওয়া শিক্ষকদের সরিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে কাল শনিবার চট্টগ্রাম কলেজের প্রশাসনিক ভবন ঘেরাও, রোববার মহসিন কলেজের প্রশাসনিক ভবন ঘেরাও।