দুই অধ্যক্ষের অপসারণে এক দফার আন্দোলনে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজকে শিবিরমুক্ত করার দাবিতে চট্টগ্রাম নগর ছাত্রলীগের আট দফার আন্দোলন এখন এক দফাতে রূপ নিয়েছে। শিবির তোষণের অভিযোগে দুই অধ্যক্ষের অপসারণ চেয়ে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম কলেজের সামনে নগর ছাত্রলীগের সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সড়কের এক পাশ বন্ধ করে প্রায় দেড় ঘণ্টার এই সমাবেশের কারণে যান চলাচলে বিঘ্নিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ। বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য পাভেল রহমান, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, সহসভাপতি ইয়াসিন আরাফাত প্রমুখ। ছাত্রলীগের সমাবেশে একাত্মতা ঘোষণা করেন নগর আওয়ামী লীগের সদস্য ফিরোজ আহমেদ ও মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ।
ছাত্রসমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজকে সন্ত্রাসমুক্ত করে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে ছাত্রলীগ আট দফা দাবি দেয়। কিন্তু কলেজ প্রশাসন দাবিগুলো না মেনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিবিরকে ইন্ধন দিয়ে যাচ্ছে। তাই ছাত্রলীগ অধ্যক্ষ অপসারণের জন্য এক দফার আন্দোলনে নেমেছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিএনসিসি কার্যালয় থেকে জুতা ও রাইফেল চুরি হয়েছে। এ ব্যাপারে কলেজ প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। কলেজ ক্যাম্পাসের ভেতরে অবাঞ্ছিত লোকজনের বসতি গড়ে উঠেছে। তারা জামায়াত-শিবিরের চর হিসেবে কাজ করে। এদের কলেজ ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা আট দফা দাবি দিয়েছিলাম। কলেজ প্রশাসন আমাদের দাবি মানছে না। বরং শিবিরকে ইন্ধন দিচ্ছে। তাই আমরা মনে করি, এই দুজন অধ্যক্ষ আমাদের দাবির প্রতি সহানুভূতিশীল নন। তাই আমরা এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছি, যাতে ওই দুজন অধ্যক্ষকে অপসারণ করা হয়। এ জন্য অহিংস আন্দোলন চলবে।’