দুই কেন্দ্রীয় নেতার সদস্য প্রার্থীদের ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতার সমর্থিত সদস্য প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ এবং মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-১ সংসদীয় এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে এই প্রার্থীরা নির্বাচন করেন।
নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ-সমর্থিত চারজন এবং দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানের সমর্থিত পাঁচজন প্রার্থীর মধ্যে একজন করে নির্বাচিত হয়েছেন। গত বুধবার এ নির্বাচন হয়।
আবদুর রহমান ফরিদপুর-১ আসনেরও সাংসদ। এখানে তাঁর সমর্থিত প্রার্থীদের মধ্যে শুধু ৭ নম্বর ওয়ার্ডে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ জয়ী হয়েছেন।
সাংসদ আবদুর রহমানের সমর্থিত পরাজিত প্রার্থীরা হলেন ৪ নম্বর ওয়ার্ডে মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, ৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য আবুল কালাম আজাদ ওরফে ইলিয়াস, ৬ নম্বর ওয়ার্ডে সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা ও ৮ নম্বর ওয়ার্ডে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল বাসার মিয়া।
সাংসদ আবদুর রহমান বিদেশে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর সহকারী একান্ত সচিব (রাজনৈতিক) নয়ন কুমার বিশ্বাস গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে টাকা একটা ফ্যাক্টর হয়ে উঠেছিল। তবে যাঁরা জিতেছেন তাঁরাও আওয়ামী লীগ করেন। ওই অর্থে সাংসদের সমর্থিত কোনো প্রার্থী ছিলেনও না। তা হলে আমরা বিদ্রোহী প্রার্থীদের যেকোনো মূল্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু আমরা তা করিনি।’
ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ-সমর্থিত প্রার্থীদের মধ্যে শুধু ১২ নম্বর ওয়ার্ডে শাহীন শেখ জয়ী হয়েছেন। তাঁর সমর্থিত পরাজিত প্রার্থীরা হলেন ১৩ নম্বর ওয়ার্ডে মীর আশরাফ আলী ও ১৫ নম্বর ওয়ার্ডে চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসাহাক মিয়া।
এ বিষয়ে কথা বলার জন্য কাজী জাফরউল্যাহর মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওযা যায়। তাঁর সহকারী একান্ত সচিব (রাজনৈতিক) মামুনুর রশিদ বলেন, ‘কালোটাকা, পেশিশক্তি ও অস্ত্রের কাছে হেরে গেছে আমাদের সমর্থিত প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে একটি ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল।’