দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন অন্তঃসত্ত্বা খাদিজা
সকাল আটটায় ভোট দিতে এসেছিলেন অন্তঃসত্ত্বা খাদিজা বেগম। জানালেন, দুই ঘণ্টা ধরে গরমের মধ্যে তিনি লাইনে দাঁড়িয়ে ছিলেন। অনুরোধ করেও আলাদাভাবে ভোট দেওয়ার সুযোগ পাননি। তিনি একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। প্রিসাইডিং কর্মকর্তা বলছেন, অনুরোধ করেও ভোট দিতে না পারার বিষয়টি তিনি জানেন না।
কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে পদুয়ার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
অসুস্থ হওয়ার পরে খাদিজাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় পানি ঢালেন এবং বাতাস করেন অন্য ভোটাররা। খাদিজা বেগম বলেন, ‘আমি আর ভোট দেব না। একটু ভালো লাগলে বাসায় ফিরে যাব।’
অনুরোধের পরেও অন্তঃসত্ত্বা খাদিজার ভোট দিতে না পারার বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা মাহবুর রহমান বলেন, ‘ভোট দেওয়ার ক্ষেত্রে বয়স্ক, অসুস্থ ও অন্তঃসত্ত্বাদের জন্য আলাদা নির্দেশনা দেওয়া আছে। কোনো অন্তঃসত্ত্বা অনুরোধ করে ভোট দিতে পারেননি—এমন কোনো অভিযোগ আমার জানা নেই।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ধীরগতিতে ভোট গ্রহণ চলছে বলে অভিযোগ করেছেন ভোটাররা। দৈয়ারা ও পদুয়ার বাজার এলাকার ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের লম্বা সারি দেখা গেছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পেরে ফিরে যেতে দেখা গেছে অনেক নারী ভোটারদের।
জাহানারা বেগম সকাল আটটায় ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। বৃষ্টিতে ভিজেছেন। প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে না পেরে বাড়ি ফিরে যান তিনি। জাহানারা বেগম প্রথম আলোকে বলেন, ‘ভোট দিতে অনেক সময় লাগছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলাম। আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তাই ভোট না দিয়েই বাসায় চলে যাচ্ছি।’
ভোট দিতে পারেননি পদুয়ার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা রত্না আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘গরম সহ্য করতে পারছি না। ভোট দিতে পারিনি, এখন ফিরে যাচ্ছি। লোকজন কমলে পরে এসে ভোট দেব।’
শুধু জাহানারা বেগম কিংবা রত্না আক্তার নন, ধীরগতির কারণে ভোট না দিয়ে ফিরে যাওয়া এমন অন্তত পাঁচজনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলছেন, মেশিনে ভোট দিতে অনেক সময় লাগছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এ কারণে তাঁরা ফিরে যাচ্ছেন।
প্রায় আড়াই ঘণ্টা লাইনে অপেক্ষার পর ভোট দিতে পেরেছেন ৮০ বছর বয়সী আবদুল হাকিম। ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক কষ্ট করে ভোট দিলাম। গরমে ঘামে পুরো শরীর ভিজে গেছে। তবে ভোটকক্ষে ঢোকার পরে বেশি সময় লাগেনি আমার।’
কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এ নির্বাচনে ফলাফল প্রকাশের পর স্থানীয় রাজনীতির অনেক হিসাব-নিকাশের মীমাংসা হবে। পাঁচজন মেয়র প্রার্থীর পাশাপাশি ২৭টি ওয়ার্ডে ১৪২ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০৬ জন লড়ছেন। সবার দৃষ্টি মেয়র পদে।