রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগ ও পাহাড়ি ছাত্রপরিষদের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কলেজ এলাকায় পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল ও একটি পানের দোকানে। সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে শুরু হওয়া এ সংঘর্ষের সময় কলেজের আশপাশের এলাকায় দুই ব্যক্তির ওপর হামলা হয়েছে। সংঘর্ষ চলার সময় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনী ও পুলিশের টহল ছিল। সেনা কর্মকর্তাদের পাশাপাশি রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত ব্যক্তিদের মধ্যে টাইলস ব্যবসায়ী মো. নয়ন ও ছাত্র অর্ণব ত্রিপুরাকে রাঙামাটি জেনারেল হাসপাতাল এবং রাঙ্গুনিয়া উপজেলার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা অপু তালুকদারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য শ্রেণি-কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা প্রথম আলোকে বলেন, কলেজে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রেণি-কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক ও ভর্তি চলবে।
রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কলেজ এলাকায় ১৪টি ফাঁকা গুলি ও সাতটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মারে। তিনি বলেন, সংঘর্ষের সময় কিছু সুযোগসন্ধানী যুবক বঙ্গবন্ধু স্কয়ার ও টিটিসি সড়কে দুই ব্যক্তির ওপর হামলা করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও পাহাড়ি ছাত্রপরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাহাড়ি ছাত্রপরিষদের কর্মীরা ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দিলে তাঁরা কলেজের বাইরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে (কলেজ গেট) চলে আসেন। সেখানে এলাকার দোকানিরা ছাত্রলীগের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পাহাড়ি ছাত্রপরিষদের কর্মীরা ছাত্রলীগের কর্মী ও দোকানিদের ধাওয়া দিয়ে কলেজ গেটের পাশে বটতলার দিকে নিয়ে যান। সংঘর্ষের সময় কলেজ এলাকায় পাঁচটি দোকান ভাঙচুর ও একটি পানের দোকান ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা একটার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এলে পাহাড়ি ছাত্রপরিষদ কর্মীরা সরে যান। এ সময় ছাত্রলীগের কর্মী, দোকানি ও স্থানীয় লোকজন পাহাড়ি ছাত্রপরিষদের কর্মীদের লাঠিসোঁটা ও পাথর নিক্ষেপ করে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ক্ষুব্ধ লোকজনের ছোড়া পাথরের আঘাতে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বাঁ হাতে আঘাত পান। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাঙামাটি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রলীগের কর্মী অর্ণব ত্রিপুরা অভিযোগ করেন, ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি লাইব্রেরির দিকে যান। এ সময় পাহাড়ি ছাত্রপরিষদের কয়েকজন কর্মী এসে তাঁর পরিচয় জানতে চান। পরে তাঁকে মারধর করেন তাঁরা। সেখান থেকে পালিয়ে এসে দেখতে পান কলেজ মাঠে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে।
টাইলস ব্যবসায়ী মো. নয়ন বলেন, তিনি বনবিহার থেকে টিটিসি সড়ক হয়ে কলেজ গেটের দিকে আসার পথে কয়েকজন পাহাড়ি যুবক তাঁর ওপর হামলা চালান।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা অপু তালুকদার বলেন, অটোরিকশায় করে রাঙামাটি থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া যাওয়ার পথে বেলা সোয়া একটার দিকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের কাছাকাছি পৌঁছানোর পর কিছু বাঙালি যুবক তাঁর মুঠোফোন, ট্যাবলেট কম্পিউটার, পাসপোর্ট ও ক্যামেরা কেড়ে নেয়। পরে অটোরিকশা থেকে নামিয়ে লাঠিসোঁটা দিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
সংঘর্ষের বিষয়ে পাহাড়ি ছাত্রপরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি অন্তিক চাকমা অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীরা বিনা উসকানিতে ক্যাম্পাসে তাঁদের মিছিলে ইটপাটকেল ছুড়ে মারে। এতে সংগঠনের আটজন কর্মী আহত হয়েছেন।
তবে ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ বলেন, ‘পাহাড়ি ছাত্রপরিষদের নেতা-কর্মীরা হঠাৎ আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। আমরা চেষ্টা করেছি ঘটনা এড়িয়ে যেতে। হামলায় আমাদের ১৫ জনের বেশি কর্মী আহত হয়েছে।’