দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের ১২ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই কারণে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত বুধবার তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের দুই উপজেলার ১২ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে জেলা আওয়ামী লীগ সাময়িক বহিষ্কার করেছে। বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূইয়া ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তাঁরা হলেন হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউপির রফিক পাটওয়ারী, কালচোঁ দক্ষিণের জিয়াউর রহমান, হাটিলা পূর্বের মির্জা মো. জলিলুর রহমান, হাটিলা পশ্চিমের সাখাওয়াত হোসেন ও গর্ন্ধব্যপুর দক্ষিণের দুলাল হোসেন; ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউপির এইচ এম হারুন, রূপসা দক্ষিণের ফজলুল কাদের চৌধুরী, রূপসা উত্তরের নুরুর রহমান, গোবিন্দপুর দক্ষিণের আবু তাহের সরকার, পাইকাপাড়া দক্ষিণের রমজান আলী খান, গুপ্টি পূর্বের বুলবুল আহমেদ ও সুবিদপুর পশ্চিম ইউপির আনোয়ার হোসেন। এসব ইউপিতে আগামীকাল ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার চারটি ইউপির নির্বাচনে অংশ নেওয়া চার বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। তাঁরা হলেন ব্রাহ্মণবাজারের মুহিবুর রহমান, বরমচালের জামাল হোসেন, কুলাউড়া সদরের নার্গিস আক্তার ও কাদিপুর ইউপির মানিক আহমদ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে বুধবার মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে তাঁদের বহিষ্কার করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ গতকাল বৃহস্পতিবার বলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ইউপিতে ২৩ এপ্রিল নির্বাচন হবে।
জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বগারচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল বাসেদকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে উপজেলা বিএনপি তাঁকে বহিষ্কার করে। চতুর্থ ধাপে ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, বগারচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর বাসেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। এ ব্যাপারে বাসেদ দাবি করেন, ‘আমি দলীয় মনোনয়ন চাইনি। তাই আমি বিদ্রোহী প্রার্থী নই। আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছি।’
উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ তালুকদার বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কারও সুযোগ নেই। সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আবদুল বাসেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।