দুই দলকে সংলাপে বসার আহ্বান হেফাজতের
দেশের চলমান সংকট নিরসনের উপায় বের করতে সরকারি ও বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে সংকট নিরসনে আগামী শুক্রবার নফল রোজা পালন ও জুমার নামাজের পর বিশেষ মোনাজাত করার জন্য বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী, মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ নেতারা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আমিরের প্রেস সচিব মুনির আহমদ।
বিবৃতিতে দেশের রাজনৈতিক সংকট, খুনখারাবি, অর্থনৈতিক স্থবিরতা এবং মানুষের জানমালের নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলো যেহেতু সাধারণ মানুষ ও দেশের স্বার্থে রাজনীতি করছে, তাই তাদের উচিত অবিলম্বে হানাহানি বন্ধ করে শান্তির পথে ফিরে আসা এবং আলোচনার টেবিলে বসে সংকট সমাধানের পথ খুঁজে বের করা।