দুই দলকে 'না' বলুন: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আওয়ামী লীগ ও বিএনপিকে ‘না’ বলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এ দুই দল শুধু আগুন জ্বালিয়েছে, এখনো জ্বালাচ্ছে। তারা আগুন নেভাতে পারেনি, পারবেও না। এদের রাজনীতির ওপর আস্থা রাখা যায় না। এদের হত্যার রাজনীতিকে না বলুন।’
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের সড়কে গতকাল বৃহস্পতিবার বিকেলে সহিংসতা, জ্বালাও-পোড়াও, দমন-পীড়নের প্রতিবাদে আয়োজিত প্রতীকী গণ-অনশনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ এসব কথা বলেন। তিনি এই দুই দলের বাইরে এসে দেশের মানুষকে জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।
বেলা ১১টার দিকে এইচ এম এরশাদের নেতৃত্বে এই গণ-অনশন শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে চারটার দিকে। এরশাদ বলেন, ‘পুড়ছে মানুষ, পুড়ছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ।’ তিনি আরও বলেন, এ দুই দলের মধ্যে গণতন্ত্র নেই। জাতীয় সংসদকে ইঙ্গিত করে তিনি বলেন, শেরেবাংলা নগরের মধ্যেই তাদের গণতন্ত্র সীমাবদ্ধ। দেশের অন্য কোথাও গণতন্ত্র নেই। একমাত্র জাতীয় পার্টিই সারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে।
জ্বালাও-পোড়াওর জন্য বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, এটি ভুল রাজনীতি। যারা ক্ষমতার উৎস, তাদের জ্বালিয়ে দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না। তিনি বলেন, ‘একজনের ছেলে হারানোর কান্না আমরা টেলিভিশনে দেখেছি। কিন্তু এমন অনেকেই কাঁদছেন, যাঁদের আমরা টেলিভিশনে দেখি না। আশা করি, এখন তিনি বুঝবেন সন্তান হারানোর কী কষ্ট। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেটা তিনি দেখবেন।’
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, সরকার যদি হরতাল-অবরোধ বন্ধে কোনো উদ্যোগ নেয় তাহলে জাতীয় পার্টি তাতে সমর্থন দেবে।
গণ-অনশনে সংহতি প্রকাশ করে চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন সহিংসতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনের সমালোচনা করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধামতো মানুষ মারবে, আগুনে পোড়াবে এটা কেমন রাজনীতি? এই আন্দোলন করার অধিকার দলগুলোকে কে দিয়েছে?
অনশন কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ দলের কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা।