দুই দলেই কোন্দল, তিনজন করে প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর কবির নানক, মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম
জাহাঙ্গীর কবির নানক, মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম

নির্বাচন সামনে রেখে ঢাকা-১৩ সংসদীয় এলাকায় প্রধান দুই দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। আওয়ামী লীগ ও বিএনপি—দুই দল থেকেই তিনজন করে প্রার্থী সক্রিয় আছেন। কেউ কেউ এলাকায় জনসংযোগও শুরু করছেন। এ ছাড়া মহাজোটের প্রার্থী হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মহানগর জাতীয় পার্টির এক নেতা।

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এবং শেরেবাংলা নগর থানার আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৩। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও সাবেক সাংসদ মকবুল হোসেন। এঁদের মধ্যে এগিয়ে আছেন এ আসনের দুইবারের সাংসদ জাহাঙ্গীর কবির নানক। তিনি সরকারের গত মেয়াদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছিলেন। তিনি এলাকায় নিয়মিত জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, বড় দল হিসেবে অনেকে মনোনয়ন চাইতেই পারেন। কিন্তু দলীয় প্রধান যাঁকে মনোনয়ন দেবেন, সবাই তাঁর জন্যই কাজ করবে। তিনি দাবি করেন, উন্নয়নের পাশাপাশি মাদক-সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিচিত এ এলাকাকে বসবাসের উপযোগী করেছেন।

গত সিটি করপোরেশন নির্বাচনে এ সংসদীয় এলাকার সাতটি ওয়ার্ডের একটি কাউন্সিলর পদে জেতে জাতীয় পার্টি। বাকি ছয়টির তিনটিতে বিজয়ী হয় আওয়ামী লীগ আর বাকি তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। স্থানীয় আওয়ামী লীগের কোন্দল ওই সময় সবার চোখে পড়ে। এরপর থানা ও ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিরোধ দেখা দিলে তা স্থগিত করা হয়। যদিও ওই কমিটির নেতারাই এখন স্থানীয় আওয়ামী লীগ পরিচালনা করছেন। এসব কমিটিতে আছেন সাদেক খানের অনুসারীরা। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে জড়িত থাকার সুযোগ কাজে লাগিয়ে এবার মনোনয়ন পেতে চেষ্টা করছেন তিনি।

সাদেক খান প্রথম আলোকে বলেন, এলাকার জনগণ ও নেতা-কর্মীরা তাঁকে নির্বাচনে চান। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। তিনি যাঁকে মনোনয়ন দেবেন, তাঁর জন্য সবাই কাজ করবে।

সর্বশেষ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা কমিটিতে জায়গা পেয়েছেন এ আসনে ’৯৬-এর নির্বাচনে বিজয়ী হাজি মকবুল হোসেন। ২০০১-এর নির্বাচনে পরাজয়ের পর মকবুল হোসেন আর মনোনয়ন পাননি। তবে স্থানীয় নেতা-কর্মীদের একটি অংশ তাঁর অনুসারী। তিনিও এবার মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এলাকায় জনসংযোগ করছেন জাতীয় পার্টির নেতা মো. শফিকুল ইসলামও। তিনি মোহাম্মদপুরের ৩১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং জাতীয় পার্টি মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। গত ২৪ মার্চ অনুষ্ঠিত এরশাদের সমাবেশে বড় মিছিল নিয়ে উপস্থিত হন তিনি। জোটবদ্ধ নির্বাচন হলে মহাজোটের প্রার্থী হতে মনোনয়নপ্রত্যাশী এই নেতা প্রথম আলোকে বলেন, ‘দলের প্রার্থী হিসেবে প্রচার চালিয়ে যাচ্ছি। জোটবদ্ধ নির্বাচন হলে দল যা সিদ্ধান্ত নেবে, তা-ই করব।’

এদিকে বিএনপি থেকে এখানে সর্বশেষ ২০০৮ সালে প্রার্থী ছিলেন দলের বর্তমান যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন। তিনি ছাড়াও এখানে মনোনয়ন দৌড়ে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি আতিকুল ইসলাম।

এরই মধ্যে আবদুস সালাম মোহাম্মদপুরের শ্যামলীতে অফিস নিয়েছেন। প্রার্থী চূড়ান্ত না হলেও তিনি এলাকায় গণসংযোগ করছেন। বিভিন্ন সামাজিক, পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন। ওয়ার্ডভিত্তিক নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ সময় ধরে মহানগরের রাজনীতি করছি। এখন ম্যাডামের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছি।’

মনোনয়ন দৌড়ে থাকা দলের আরেক নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন বর্তমানে কারাগারে। এদিকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও আবদুস সালামের বিরোধিতা করছে স্থানীয় বিএনপির একটি বড় অংশ। অনেক দিন ধরে এখানে বিএনপির কমিটি নেই। সমন্বয়কারী হিসেবে কাজ করছেন আতিকুল ইসলাম। মোহাম্মদপুর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর। ১৯৯১ সাল থেকে প্রতি নির্বাচনে বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি নিজেও এবার মনোনয়ন প্রত্যাশা করছেন। স্থানীয় নেতাকে প্রার্থী করার দাবিতে বিএনপির একটি অংশ তাঁকে নিয়ে জনসংযোগ করছে। নির্বাচন ঘিরে স্থানীয় নেতা-কর্মীরা তিন প্রার্থীর অনুসারী হিসেবে বিভক্ত হয়ে আছেন।

আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি এই এলাকার স্থায়ী বাসিন্দা। মোহাম্মদপুরে বিএনপি প্রতিষ্ঠায় শুরু থেকে কাজ করে যাচ্ছেন। তাঁর দাবি, স্থানীয় মানুষ ও নেতা-কর্মীরা তাঁকে নির্বাচনে চাচ্ছেন।

 ২০০৮ সালের নির্বাচনে ৪৬ হাজার ৬১৬ ভোটের ব্যবধানে এই আসনে পরাজিত হন বিএনপির প্রার্থী। ওই নির্বাচনের তুলনায় আগামী নির্বাচনে এ আসনে ভোটার বাড়তে পারে প্রায় ৯০ হাজার। তাই নতুন ভোটাররা অতীতের জয়-পরাজয়ের সমীকরণ বদলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এ ছাড়া প্রার্থী বাছাইয়ের কারণে সৃষ্ট দলীয় কোন্দলের প্রভাব পড়তে পারে ভোটে।