দুই দলের বাইরে কিছু করা দরকার: মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার একটা নির্বাচন পাতানোর চেষ্টা করছে। মাঠে দুই বড় দল। এখনই সময় এর বাইরে কিছু করার।
রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় এ কথা বলেন মাহমুদুর রহমান। নাগরিক ঐক্য ‘বর্তমান পরিস্থিতি ও করণীয় সম্পর্ক’ শিরোনামে এই মতবিনিময় সভার আয়োজন করে।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নির্বাচনের বল এখন সেন্টারে আছে। আর রাজনীতির মাঠের দুই পাশে চিরাচরিত প্রথার মতো বড় দুটি দল এ (আওয়ামী লীগ) ও বি (বিএনপি)। খেলা যখন শুরু হয়ে যাবে, তখন মাঠে যদি আর কোনো দল না থাকে তাহলে বল আওয়ামী লীগ ও বিএনপির মাঝে যাবে। আমরা উদ্যোগ নিয়েছি, দুই দলের বাইরে কিছু করা দরকার।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা ও খালেদা জিয়ার বদলে আমি প্রধানমন্ত্রী হলে, আই উইল ডু দ্য চেঞ্জ। আমি অবশ্যই নতুন কিছু করব।’
সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, নির্বাচন হবে এটা মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় আন্দোলন হতে হবে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা। আন্দোলনের পেছনে জনগণকে থাকতে হবে।
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, আন্দোলন ছাড়া কিছু হবে না। আন্দোলন মানেই ছাত্র আন্দোলন। ছাত্রসমাজ ঘুমিয়ে আছে, নিস্তেজ হয়ে আছে। শিক্ষাসংক্রান্ত কর্মসূচি দিয়ে ছাত্র আন্দোলন শুরু করা যেতে পারে।
আইনজীবী শাহদীন মালিক বলেন, সমাজে অর্থনৈতিক বৈষম্য অঢেল হয়ে যাচ্ছে। এতে সমাজ ভেঙে যাবে। বড়লোকদের ট্যাক্স বাড়ানোর কথা বলতে হবে। ভ্যাট, ট্যাক্স নিয়ে যা হচ্ছে এর চেয়ে অন্যায্য আর কিছু হতে পারে না। দেশটাকে বড়লোকের দেশ বানানোর জন্য মুক্তিযুদ্ধ হয়নি।
মতবিনিময় সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের আবদুল মালেক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম নেতা মফিজুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।