আওয়ামী লীগ ও বিএনপি এই বড় দুই দলের সমর্থন পাওয়ার তিক্ত অভিজ্ঞতা তাঁদের আছে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। আন্দোলনের জোয়ার এলে সমর্থন দেওয়া আর ক্ষমতায় গেলে উল্টো পুলিশ দিয়ে হামলা ও গুলি চালাতে তারা দ্বিধা করে না। এ মন্তব্য করে নেতারা বলেন, এই আন্দোলন জনগণের সমর্থন ও তারুণ্যের শক্তির ওপরে ভর করে গড়ে উঠেছে। ফলে বিএনপির সঙ্গে ঐক্যের সম্ভাবনা নেই।
গতকাল সোমবার বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেন। সুন্দরবনের কাছে রামপালে তাপবিদ্যুৎকেন্দ্রের বিরোধিতার জবাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাতীয় কমিটি এই সংবাদ সম্মেলন করে।
ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, যা বিশ্বঐতিহ্য সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকিতে ঠেলে দেবে দাবি করে এর বিরুদ্ধে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আন্দোলন করছে।
সম্প্রতি বিএনপি এই আন্দোলনে সমর্থন জানায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে ওই প্রকল্প রামপাল থেকে সরানোর দাবিও তোলেন। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার সংবাদ সম্মেলন ডেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির মদদে এই আন্দোলন হচ্ছে।
আনু মুহাম্মদ নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ১০ বছর আগে যখন বিএনপি-জামায়াত সরকার দিনাজপুরের ফুলবাড়ীতে গুলি চালিয়েছিল, সাধারণ মানুষ তখন ব্যাপক গণজাগরণ তৈরি করেছিল। আওয়ামী লীগ সেই আন্দোলনে সমর্থন দিয়েছিল। সে সময় বর্তমান সরকারের মতোই তৎকালীন সরকার ‘থলের বিড়াল তত্ত্ব’ হাজির করেছিল। সরকারে থাকলে একই দলগুলোর ভূমিকা সম্পূর্ণ বিপরীত হয়। বর্তমান সরকারের ভূমিকাই এর প্রমাণ।
আন্দোলনের খরচ কে জোগান দেয়? প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন আমাদের ফুলবাড়ী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন, তখন আমরা যেভাবে খরচ জোগাড় করতাম, এখনো সেভাবেই জোগাই।’
আনু মুহাম্মদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট বসানো হবে এবং এতে বিদ্যুৎকেন্দ্রে নির্গত কার্বন-ডাই-অক্সাইড গ্যাস ১ দশমিক ৬ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু বৈজ্ঞানিক তথ্য বলে, বিদ্যুৎকেন্দ্রের আশপাশের তাপমাত্রা এখানকার কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের কারণে বেশ খানিকটা বেড়ে যাবে, যার প্রভাবে সরকারি ভাষ্যমতে ১৪ কিলোমিটার দূরের সুন্দরবনও গরম হয়ে যাবে এবং নির্গত কার্বন-ডাই-অক্সাইড ১ দশমিক ৬ কিলোমিটারের মধ্যে আটকে রাখা অসম্ভব এবং অবাস্তব।’
আনু মুহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী বায়ুপ্রবাহ সুন্দরবনের বিপরীত দিকে প্রবাহিত হওয়ার কথা বলেছেন। সরকারি রিপোর্টে বলা হয়েছে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি—বছরের এই চার মাস বিদ্যুৎকেন্দ্র থেকে বাতাস সুন্দরবনের দিকে প্রবাহিত হবে (সূত্র: রামপাল পরিবেশগত প্রভাব সমীক্ষা বা ইআইএ প্রতিবেদন পৃষ্ঠা-২৮৪)। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমরা নাকি বড়পুকুরিয়া ও রামপালে যাই নাই। এটি শতভাগ ভুল। বড়পুকুরিয়াতে তো বটেই, রামপালেও বহুবার যেতে হয়েছে। আমরা প্রথম রামপালে যাই ২০১০ সালে। এরপর আমাদের যাওয়া বারবার বাধা দেওয়া হয়েছে।’
পরে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ রামপাল প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।