‘জীবনে প্রথম ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ আসিছে। এ জন্যে আনন্দ হচ্ছে। তবে শেষ পর্যন্ত ভোট দিব্যার পারব কি না, তা নিয়্যা ভয়ে আছি।’ কথাগুলো পাবনার সাঁথিয়ার গৌরীগ্রাম ইউনিয়নের বাসিন্দা আবুল হাশেমের (২৪)।
বিএনপি-সমর্থক হাশেমের মতো সাঁথিয়ার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) কেউই গত দুই দশক বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে ভোট দিতে পারেননি। কারণ, জামায়াতের সঙ্গে বিএনপির জোটবদ্ধতা ও সংসদ নির্বাচন বর্জন। এত দিন পর প্রতীক পেয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে উচ্ছ্বাস থাকা স্বাভাবিক। কিন্তু উচ্ছ্বাস দূরের কথা, এজেন্ট খুঁজে পেতেই এখানকার বিএনপির প্রার্থীদের ঘাম ঝরছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার আংশিক) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন বিএনপির নেতা মেজর (অব.) মনজুর কাদের। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে এই আসন জামায়াতকে ছেড়ে দেয় বিএনপি। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি-জামায়াত জোট বর্জন করে। অবশ্য গত বছর অনুষ্ঠিত সাঁথিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির এক প্রার্থী অংশ নেন।
সরেজমিনে ঘুরে বিএনপির কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, এত দিন পর দলীয় প্রতীক এলেও সাঁথিয়ার নয়টি ইউপিতেই বিএনপির নেতা-কর্মীরা নিষ্প্রাণ অবস্থায় রয়েছেন। এমন অবস্থার জন্য আওয়ামী লীগের প্রার্থীদের দায়ী করেছেন তাঁরা। বিএনপির নেতা-কর্মীদের দাবি, আওয়ামী লীগের প্রার্থীদের লোকজন বিএনপির প্রার্থীদের প্রচারণায় বাধা দিচ্ছেন। পাশাপাশি এলাকায় সন্ত্রাসীদের ভিড়িয়ে বিএনপির কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন তাঁরা।
সাঁথিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী বলেন, এত দিন পর ধানের শীষ ফিরে আসায় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে অবস্থার সৃষ্টি করেছে, তাতে সেই উৎসাহ-উদ্দীপনা প্রকাশে অনেকেই ভয় পাচ্ছেন। ভয়ভীতির মুখে বিএনপির অনেক প্রার্থীই নির্বাচনী এজেন্ট খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।
ক্ষেতুপাড়া ইউপিতে বিএনপির প্রার্থী আবুল কাশেম গত বুধবার সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একই অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী মুনসুর আলম তাঁর নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। এ ছাড়া তাঁর কর্মী-সমর্থকদের অব্যাহতভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
তবে মুনসুর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। তা দেখেই আবুল কাশেম মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন।
বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল-মাহমুদ বলেন, আওয়ামী লীগের প্রার্থীদের ব্যাপারে বিএনপি যেসব অভিযোগ দিচ্ছে, তা সঠিক নয়। পরাজয় আঁচ করে তারা এসব বানোয়াট অভিযোগ আনছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে যাতে হয়, সে ব্যাপারে আমরা সর্বদা তৎপর আছি।’