দুই দশকেও সম্মেলন নেই, স্থবির দলীয় কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলন হয়েছিল সেই দুই দশক আগে। এরই মধ্যে কমিটির সহসভাপতি, সম্পাদকমণ্ডলীর সদস্য ও সদস্যদের অনেকেই মৃত্যুবরণ করেছেন। অনেকে চলে গেছেন প্রবাসে। এলাকা পরিবর্তন করেছেন কেউ কেউ।
এই হলো মৌলভীবাজারের রাজনগর উপজেলা আওয়ামী লীগের দশা। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ওই কমিটির সভাও হয়নি আট-দশ বছর। এতে দলীয় কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে।
রাজনগর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৫ সালে। তখন ৩১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই ও সাধারণ সম্পাদক হয়েছিলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আছকির খান। ওই কমিটির নামেই এখনো দল চলছে।
নেতা-কর্মীরা জানান, কমিটির পাঁচজন সহসভাপতির মধ্যে দুজন আবদুল হামিদ খান ও আবদুল মতিন মারা গেছেন। আরেক সহসভাপতি শফিকুল ইসলাম চৌধুরী যুক্তরাজ্যে আছেন। যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল লতিফ খান, কোষাধ্যক্ষ আব্দুর রইছ ওরফে তুতি মিয়া ও দপ্তর সম্পাদক নৃপেন্দ্র কুমার দেব মারা গেছেন। সদস্যদের মধ্যে মারা গেছেন আতাউর রহমান, আজির উদ্দিন ও মো. ইসমাইল।
দীর্ঘ আট-দশ বছর ধরে কমিটির সভা না হওয়ায় সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নতুন করে কেউ দলীয় কার্যক্রমে যুক্ত হতে পারছেন না। সাংগঠনিক কার্যক্রম না থাকায় অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে নেতা-কর্মীরা মনে করছেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফয়সল আহমদ বলেন, ১০ বছরের মধ্যে কমিটির কোনো সভা হয়নি। দলীয় কোনো কার্যক্রম নেই। এমনকি জাতীয় দিবসগুলোতেও দলের উদ্যোগে কোনো কার্যক্রম হয় না। উপজেলা পরিষদের কার্যক্রমে দলের নেতা-কর্মীরা অংশ নেন। সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ থেকে অনেক নতুন নেতা বের হচ্ছেন। কিন্তু দলের সম্মেলন না হওয়ায় তাঁরা কোথাও স্থান পাচ্ছেন না।
সম্মেলন না হওয়ায় নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না। দলে জায়গা না পেয়ে উদীয়মান নেতা-কর্মীরা ঝরে যাচ্ছেন বলে মনে করেন উপজেলা যুবলীগের সভাপতি ও মনসুরনগর ইউপির চেয়ারম্যান মিলন বখত। তিনি বলেন, ‘মনে হয় কমিটির ১২-১৩ জন আছেন। কেন্দ্র থেকে চিঠি আসে সম্মেলন করার জন্য। কিন্তু সম্মেলনের কোনো প্রক্রিয়া নেই। রাজনগরে আওয়ামী লীগ আছে কি না, অনেকে জানেই না। সম্মেলন করে তাঁরাই (বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক) আবার প্রেসিডেন্ট-সেক্রেটারি হন, সমস্যা নেই।’
এ বিষয়ে কথা বলতে ৭ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছকির খানের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি কথা বলতে চাননি।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই বলেন, দলীয় সরকার ক্ষমতায় থাকায় কেউ বিষয়টিতে গা লাগায়নি। এ জন্য এত দিন সম্মেলন হয়নি। এখন সম্মেলন হবে।
যোগাযোগ করলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রথম আলোকে বলেন, ‘উপজেলার আট ইউনিয়নের মধ্যে ছয়টির সম্মেলন হয়ে গেছে। বাকি দুটির সম্মেলন হয়ে গেলে উপজেলা কমিটির সম্মেলন হবে। এত দিন সম্মেলন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ছিল না। এই করছি, করব বলে সময় চলে গেছে।’