খুলনা সদর থানা আওয়ামী লীগের সম্মেলন কাল রোববার। এ জন্য দুদিন আগেই গতকাল শুক্রবার ভোর থেকে যশোর লোয়ার সড়কের শহীদ হাদিস পার্কের সামনের সড়ক বন্ধ করে প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী জানান, ২০০৪ সালে আজমল আহমেদকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সদর থানা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এই কমিটি ১০ বছর পার করল। নতুন করে কমিটি করার জন্য ৭ সেপ্টেম্বর সম্মেলন করা হবে। সে জন্য দুদিন আগে থেকেই সড়ক বন্ধ করে প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।
নগরের কয়েকজন বাসিন্দা জানান, সড়কটি আটকে দেওয়ায় তাঁরা বিড়ম্বনায় পড়েছেন। সড়ক বন্ধ থাকায় ২০০ গজ সড়ক পার হতে হচ্ছে প্রায় আধা কিলোমিটার ঘুরে। কখনো কমরেড রতন সরণি হয়ে কেসিসির সামনে দিয়ে, আবার কখনো স্যার ইকবাল সড়ক দিয়ে খুলনা প্রেসক্লাবের সামনে দিয়ে আসতে হচ্ছে। এ ছাড়া ওই সড়কের দুই পাশে প্রায় ১৫টি ভ্রাম্যমাণ দোকান ছিল। সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় ১০০ গজ জায়গা আটকে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। নগরের বাসিন্দারা রিকশায় করে আধা কিলোমিটার ঘুরে তবে গন্তব্যে পৌঁছাচ্ছেন। অনেকে বাধ্য হয়ে হেঁটে চলাচল করছেন। ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না।
নগরের টুটপাড়া এলাকার বাসিন্দা মারুফ সানদানি বলেন, ‘এখানে এসে দেখি রাস্তা আটকানো। ৩০ সেকেন্ডের রাস্তা ১৫ মিনিট ঘুরে আসতে হবে। রাজনীতিবিদেরা নাকি জনগণের সেবা করে; আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছি।’ দোকানদার মো. মনিরুল বলেন, ‘নেতারা বলে গেছেন তিন দিন দোকান খোলা যাবে না। কিন্তু আমাদের পরিবারের খাওয়া তো বন্ধ রাখা যাবে না। আমাদের মতো গরিব মানুষের পেটে লাথি দিয়ে নেতাদের কী লাভ। অনেক খোলা জায়গা রয়েছে, সেখানে করলে কী অসুবিধা।’
কেসিসির সম্পত্তি শাখার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের এই কর্মসূচি পালনের জন্য কেসিসি থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।
কেসিসির সম্পত্তি শাখার (এস্টেট অফিসার) কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বলেন, ‘রাস্তায় সম্মেলন করার অনুমতির জন্য আবেদনের কথা শুনিনি।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘রাস্তা ব্যবহারের অনুমতি তো আমরা দিই না। এটি কেসিসি দিয়ে থাকে। ৭ সেপ্টেম্বর সম্মেলন করার জন্য আমাদের একটি চিঠি দিয়েছে সদর থানা আওয়ামী লীগ।’
খুলনা-২ (সদর) আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, রাস্তায় প্যান্ডেল তৈরির জন্য তাদের অনুমতি রয়েছে।