ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই ধাপের নির্বাচনকে ‘জঘন্য তামাশা’ বলে অভিহিত করেছে সরকারের ঘনিষ্ঠ ও সরকারবিরোধী কয়েকটি রাজনৈতিক দল। তারা বলেছে, নির্বাচনে ব্যাপক সহিংসতা ও সন্ত্রাস এবং আওয়ামী লীগের প্রার্থীদের কেন্দ্র দখলের মহোৎসব নির্বাচনব্যবস্থাকে কলুষিত করেছে।
গতকাল শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জামায়াতে ইসলামী পৃথক বিবৃতিতে, ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলন করে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দলীয় সভায় এই প্রতিক্রিয়া জানায়। এর মধ্যে তিনটি দল অবিলম্বে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করেছে।
ওয়ার্কার্স পার্টি: ক্ষমতাসীন মহাজোট সরকারের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপেও ব্যাপক সন্ত্রাস, কেন্দ্র দখলের মহোৎসব স্থানীয় সরকারের নির্বাচনব্যবস্থাকে কলুষিত করেছে।
বিবৃতিতে ফজলে হোসেন বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে সরকারি দলের প্রার্থীদের সহিংসতা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়িঘরে আক্রমণ, কেন্দ্র দখল করে নির্বাচন কর্মকর্তাদের সামনে ব্যালটে সিল মারার ঘটনা প্রথম ধাপকেও হার মানিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন স্বভাবসুলভ ভঙ্গিতে এসব দায়দায়িত্ব পুলিশ প্রশাসনের ওপর চাপিয়ে দায় এড়াতে চাইছে। তিনি বলেন, এই হাল অব্যাহত থাকলে জনগণ অচিরেই ভোটের ওপর আস্থা হারাবে।
জামায়াতে ইসলামী: দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান ইউপি নির্বাচনে ব্যাপক সংঘাত, সহিংসতা, ব্যালট ডাকাতি, জাল ভোট ও কারচুপির অভিযোগ করে বলেছেন, দেশের জনগণের কাছে এ নির্বাচন গ্রহণযোগ্য নয়। তিনি দুই ধাপের ইউপি নির্বাচন বাতিল এবং বাকি সব ধাপের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন পুনর্গঠন করার দাবি জানান।
জামায়াতের এই নেতা দাবি করেন, ইউপি নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছে, বর্তমান সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন অসম্ভব।
ইসলামী আন্দোলন: গতকাল এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইউনিয়ন পরিষদে নির্বাচনের নামে জঘন্য তামাশা চলছে। এই তামাশা না করে বরং গণভবন থেকে চেয়ারম্যানদের তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়ে দিলে হতো। এতে জনগণের সম্পদ বেঁচে যেত, কিছু মানুষের জীবনও রক্ষা পেত।
সংবাদ সম্মেলনে চরমোনাইয়ের পীর বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন সংসদ নির্বাচনের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, তার কোনোটিই সুষ্ঠু হয়নি। উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা—সব নির্বাচনেই সরকারি দল কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, প্রতিপক্ষের পোলিং এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। দলের জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ ২৩ এপ্রিল অনুষ্ঠেয় তৃতীয় ধাপের নির্বাচনের আগেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা আশরাফ আলী আকন, ইমতিয়াজ আলম, আশরাফুল আলম, আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান প্রমুখ।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: গতকাল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভায় আগামী পর্বের নির্বাচন স্থগিত করে ব্যর্থতার দায় নিয়ে নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়। রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।