১১ বছর পর গত ২৬ ফেব্রুয়ারি খুলনা জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। কিন্তু তাতে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা যায়নি। বিশৃঙ্খলা, ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। পরে সমঝোতার ভিত্তিতে খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ সভাপতি এবং খুলনা-৪ আসনের সাংসদ এস এম মোস্তফা রশিদী সুজাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
নেতা-কর্মীরা জানান, ১৯৯২ সাল থেকে (২৩ বছর) এই দুজন একই পদে আছেন। দুই নেতা দলে দুটি ধারার নেতৃত্ব দেন। তাঁদের কার্যালয়ও আলাদা। তবে বর্তমানে জেলা আওয়ামী লীগের নিয়ন্ত্রণ মূলত সাধারণ সম্পাদকের হাতে বলে নেতা-কর্মীরা জানান।
জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেখ হারুনুর রশিদ ও মোস্তফা রশিদীর মধ্যে দ্বন্দ্ব শুরু। ওই সময়ে দলীয় সভানেত্রীর নির্দেশে মহানগরের রাজনীতি ছেড়ে জেলার রাজনীতিতে প্রবেশ করেন মোস্তফা রশিদী। এই দ্বন্দ্বের প্রভাব খুলনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব সংগঠনেই আছে।
উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা জানান, উপজেলাগুলোতে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার পেছনেও আছে এই দ্বন্দ্ব। জেলার আটটি উপজেলা কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য কোনো পদ নেই। একটি উপজেলা চলছে আহ্বায়ক কমিটি দিয়ে।
সম্মেলনের পর ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল জেলা আওয়ামী লীগকে। কিন্তু দুই পক্ষের টানাপোড়েনের কারণে ছয় মাসেও তা হয়নি। এ বিষয়ে প্রায় সব নেতার মধ্যে ক্ষোভ ও হতাশা থাকলেও নাম প্রকাশ করে কেউ কথা বলতে রাজি হননি।
নেতা-কর্মীরা জানান, সংগঠনের এই অবস্থায় কর্মীরাও এখন সংগঠনের চেয়ে একেকজন নেতার পেছনে সময় দিয়ে রাজনীতি করেন। এটা এখন রেওয়াজে পরিণত হয়েছে। উপজেলার নেতারাও এই দুজনের মতের বাইরে কোনো কাজ করেন না।
জেলা সভাপতি খুলনা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় তিনি তাঁর কার্যালয়ে বসেই অনুসারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। এ ছাড়া সন্ধ্যার পর তিনি নিজ বাসভবনে নেতা-কর্মীদের সময় দেন। সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে খুলনা আবাহনী ক্লাব কার্যালয়ে বসে নেতা-কর্মীদের সময় দেন।
জেলা আওয়ামী লীগের আলাদা কোনো কার্যালয় নেই। শহীদ হাদিস পার্কের দক্ষিণ পাশে শামীম স্কয়ারের দ্বিতীয় তলায় মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয় একসঙ্গে আছে। গত বৃহস্পতিবার গিয়ে দেখা গেছে, ওই কার্যালয়ে বেলা তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কোনো নেতা-কর্মী আসেননি। ফাঁকা কার্যালয়ের বাইরে বসে কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। কার্যালয়ের একজন তত্ত্বাবধায়ক তাদের সঙ্গে গল্প করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা জানান, দুই নেতা একসঙ্গে না বসায় জেলা আওয়ামী লীগ কোনো কর্মসূচি দিতে পারে না। কেন্দ্রীয় কর্মসূচি ছাড়া জেলা আওয়ামী লীগের নিজস্ব কোনো কর্মসূচিও থাকে না। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, মে দিবস, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা কমিটি পৃথক কোনো কর্মসূচি পালন করেনি। কেন্দ্রীয় কর্মসূচি তারা পালন করে মহানগর আওয়ামী লীগের সঙ্গে। সর্বশেষ জাতীয় শোক দিবসের কর্মসূচিও জেলা আওয়ামী লীগ করেছে মহানগরের সঙ্গে।
জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রে কমিটির তালিকা জমা দিয়েছি। শিগগিরই তা অনুমোদন পাবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘মহানগর কমিটি তো আমাদের আগে হয়েছে। ওদের তো এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি।’
উপজেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ না হওয়ার বিষয়ে হারুনুর রশিদ বলেন, পর্যায়ক্রমে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।
জেলা কমিটির সভাপতি বলেন, খুলনা জেলা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে জেলার কর্মসূচি মহানগরের সঙ্গে পালন করে আসছে। আলাদা করে কর্মসূচি দেওয়ার রেওয়াজ এখানে নেই। তবে উপজেলাগুলোতে কর্মসূচি দেওয়া হয়।
দলে কোন্দলের কথা স্বীকার করে হারুনুর রশিদ বলেন, ‘বড় দল, কোন্দল তো থাকতেই পারে। আমার বিরুদ্ধেও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করা হয়েছে। তবে নেত্রী আমাকে বিশ্বাস করেই এই পদ দিয়েছেন। আমি শুরু থেকেই বঙ্গবন্ধুর আদর্শে কাজ করে যাচ্ছি। কাউকে মাসোহারা দিয়ে সঙ্গে রাখি না।’
জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজার সঙ্গে একাধিক দিন একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে প্রথম আলো। তিনি ফোন ধরেননি। বেশ কয়েকবার খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।