দুই নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক হলে তালা ভেঙে কক্ষে ঢোকার ঘটনায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে হল প্রশাসন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক দাপ্তরিক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। ওই দুই ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ মো. যোবায়ের এবং তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হক। শাহপরান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ শাহেদুল হোসেন স্বাক্ষরিত আদেশ থেকে জানা গেছে, ছাত্রলীগের ওই দুই নেতা গত বছরের ৩১ ডিসেম্বর হলের ৪২৪ নম্বর কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকেন বলে অভিযোগ দেন ওই কক্ষেরই দুই আবাসিক ছাত্র। এ নিয়ে তদন্ত কমিটি করে হল প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদন ও অভিযুক্ত ব্যক্তিদের দায় স্বীকারের পর তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। যোগাযোগ করলে হলের প্রাধ্যক্ষ প্রথম আলোর কাছে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।