ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুই নেতার রেষারেষির আগুনে দুই দিনে ছাই হয়েছে ১৫০টি দোকান। তবে এবার বোধোদয় হয়েছে তাঁদের। গতকাল রোববার প্রশাসনের উপস্থিতিতে তাঁরা আর রেষারেষি না করার লিখিত অঙ্গীকার করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ফজলুল করিম ও আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নান। নির্বাচনে জয়ী হন মান্নান। পরাজিত ফজলুল হাইকোর্টে রিট আবেদন করে আবার ভোট গণনার আবেদন করেন। এ আবেদনের ওপর স্থগিতাদেশ চেয়ে পাল্টা আবেদন করেন নবনির্বাচিত চেয়ারম্যান মান্নান। গত বৃহস্পতিবার আদালত স্থগিতাদেশ দেন। এ ঘটনার পর গত শুক্রবার বেলা ১১টার দিকে মান্নানের পক্ষের লোকজন মিছিল নিয়ে আদমপুর বাজারে এলে ফজলুলের পক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। পরদিন শনিবারও ওই বাজারে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। দুই দিনে মোট ১৫০টি দোকানঘরে আগুন দেওয়া হয়। আহত হয় শতাধিক মানুষ।
অষ্টগ্রাম উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুই পক্ষ এতটাই মারমুখী হয়ে ওঠে যে শুধু আইন দিয়ে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না। তাই গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহসীন উদ্দিন ও সহকারী পুলিশ সুপার (মিঠামইন সার্কেল) মো. বদরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার উদ্যোগ নেন। সে অনুযায়ী গতকাল বেলা একটার দিকে অষ্টগ্রাম থানা ভবন চত্বরে সভা বসে। শেষ হয় বিকেল চারটায়। বৈঠকে দুই নেতা আর কারও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন কিংবা হামলা চালিয়ে মানুষ আহত না করার লিখিত অঙ্গীকার করেন। এ সময় উভয় পক্ষের ১৫ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, ইউএনও মোহাম্মদ মহসীন উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হায়দারি প্রমুখ।
আবদুল মান্নান বলেন, ‘আসলে এইভাবে এত ঘরে আগুন দেওয়া কারোই ঠিক হয়নি। বিষয়টি বুঝতে পেরেছি। এ কারণেই অঙ্গীকার করলাম।’ তবে প্রতিপক্ষ বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।
একইভাবে অনুশোচনা প্রকাশ করেন ফজলুল করিম। তিনি বলেন, ‘দুই দিনের সংঘর্ষে আমার পক্ষের ক্ষতি হয়েছে বেশি। তবুও শান্তির প্রয়োজনে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি।’ তবে প্রতিপক্ষ এগিয়ে এলে তিনি পিছিয়ে থাকবেন না বলে সাফ জানিয়ে দেন ফজলুল।
জানতে চাইলে ইউএনও মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, ‘পরিস্থিতির আলোকে আমাদের মনে হয়েছিল সামাজিক উদ্যোগের বিকল্প নেই। এ জন্যই দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। এলাকা এখন শান্ত রয়েছে।’