সাতক্ষীরার কোথাও বিএনপির কোনো তৎপরতা নেই। দুই সদস্যের জেলা কমিটির সভাপতি থাকেন ঢাকায় আর সাধারণ সম্পাদক আত্মগোপনে। নানা মামলায় নেতা-কর্মীদের অনেকে পলাতক।
জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ (পলাশ) দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়ে তাঁদের কাজ করতে হচ্ছে। ২০১৩ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় দায়ের হওয়া ৪০০ মামলায় বিএনপির আট হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। যার কারণে সাংগঠনিক তৎপরতা কিছুটা ঝিমিয়ে পড়েছে।
তবে জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘দলের কর্মকাণ্ড বর্তমানে ঝিমিয়ে নয়, ঘুমিয়ে পড়েছে। সাতক্ষীরায় বিএনপির কোনো কর্মকাণ্ড নাই।’ তাঁর দাবি, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক জনবিচ্ছিন্ন।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ২০১৩ সালের ১৭ অক্টোবর রহমতুল্লাহকে সভাপতি ও আবদুল আলিমকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা ছিল। এরপর এক বছর নয় মাস পেরিয়ে গেলেও আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
সাধারণ সম্পাদক আবদুল আলিম প্রথম আলোকে বলেন, দুই সদস্যের কমিটি দিয়ে দলকে গতিশীল করা কঠিন। তিনি নয় মাস আগে কেন্দ্রীয় দপ্তরে পূর্ণাঙ্গ কমিটি করে পাঠিয়েছেন। কিন্তু তা এখনো অনুমোদন হয়নি।
দলীয় সূত্রগুলো বলছে, সভাপতি রহমতুল্লাহ অধিকাংশ সময় থাকেন ঢাকায়। আর সাধারণ সম্পাদক আত্মগোপনে। সভাপতি কেবল গত বছর এবং চলতি বছর ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালনের জন্য সাতক্ষীরায় এসেছিলেন।
জানতে চাইলে রহমতুল্লাহ বলেন, তাঁকে নানাবিধ কারণে অনেক সময় ঢাকায় থাকতে হচ্ছে। প্রতিকূল অবস্থার মধ্যেও তাঁরা দলীয় কর্মকাণ্ড চালিয়ে নিচ্ছেন। তবে তিনি এও স্বীকার করেছেন যে এ জেলায় বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হওয়ার জন্য অভ্যন্তরীণ কোন্দলও দায়ী। আর এ কোন্দল দীর্ঘদিনের পুরোনো বলে তিনি দাবি করেন।