দুই নেতার নেতৃত্বে পাঁচ শতাধিক লোকের আ.লীগে যোগদান
টাঙ্গাইলে পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন আবদুল্লাহ এবং বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সভাপতি খান বাহাদুর।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে গতকাল সোমবার তাঁরা আওয়ামী লীগে যোগ দেন। তাঁরা এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান এবং সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের হাতে ফুলের তৈরি নৌকা তুলে দেন। তাঁদের সঙ্গে এ দুই দলের ৫০০ জন নেতা-কর্মীও আওয়ামী লীগে যোগ দেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন আবদুল্লাহ ২০১২ সালে টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।