দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের আত্মীয় ও অনুগতদের বলয়ে আটকা পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ। এ অবস্থায় জেলায় দলীয় কার্যক্রম অনেকটাই স্থবির, ঠিকমতো পালিত হয় না কেন্দ্রীয় কর্মসূচিও।
একসময় যাঁরা দল ত্যাগ করেছিলেন এবং বাইরে থেকে এসে নেতৃত্ব পেয়েছেন, তাঁদের নিয়েও রয়েছে ক্ষোভ ও অসন্তোষ।
সর্বশেষ ২০১৪ সালের ২৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। কাউন্সিলর ভোটে নেতা নির্বাচন না করে কেন্দ্র থেকে সভাপতি পদে মঈনুদ্দীন মন্ডল (আগের কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক) এবং সাধারণ সম্পাদক পদে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আবদুল ওদুদের নাম ঘোষণা করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসকে। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের তৈরি করা ৭১ সদস্যের কমিটি কেন্দ্র অনুমোদন করে।
কমিটিতে দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন সভাপতি মঈনুদ্দীন মন্ডলের ভাতিজা পারভেজ হাসান। অভিযোগ রয়েছে, পারভেজকে কখনো দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। ছাত্রজীবনে ছাত্রলীগও করেননি। এ ছাড়া সভাপতির অনুগত বলে কোষাধ্যক্ষ পদে গোলাম নাসের, উপপ্রচার সম্পাদক পদে আয়াত নূর ইসলাম ঠাঁই পান।
ভাতিজা পারভেজ হাসান প্রসঙ্গে মঈনুদ্দীন মন্ডল বলেন, ‘আমার বংশের সকলেই আওয়ামী লীগ করে। অন্যরাও যোগ্যতাবলে আওয়ামী লীগে এসেছে।’
এদিকে সাধারণ সম্পাদক সাংসদ আবদুল ওদুদের ভায়রা মোস্তাকুল ইসলাম জেলা কমিটির সদস্য হয়েছেন। অভিযোগ রয়েছে, ফুটফরমাশ খাটা রেজাউল করিমও সদস্যপদ পেয়েছেন। একই কারণে প্রচার সম্পাদক হয়েছেন তৌফিকুর রহমান খান।
জানতে চাইলে আবদুল ওদুদ বলেন, ‘কোনো কর্মসূচিতে যাঁরা পাঁচজন লোকও আনতে পারবে না তাঁরাই আমার ভায়রা ও অন্যদের দলে অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা করছেন। আমি যাঁদের দলে স্থান দিয়েছি, তাঁদের ডাকে অনেক মানুষ কর্মসূচিতে অংশ নেয়।’
সভাপতি ও সাধারণ সম্পাদকের তৈরি করা কমিটি নিয়ে সন্তুষ্ট নন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ ও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস। তিনি বলেন, পদাধিকারবলে রহনপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, গোমস্তাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি টুটুল খান, সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিনকে জেলা কমিটিতে রাখা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য গোলাম রাব্বানী বলেন, ‘পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক আমার সঙ্গে কোনো আলোচনাই করেননি।’
এ প্রসঙ্গে আবদুল ওদুদ বলেন, গোলাম রাব্বানীর বক্তব্য ঠিক নয়। জেলার তিন সাংসদ ও সভাপতির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। তা ছাড়া, পৌর কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক হলেই জেলা কমিটিতে স্থান পাবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।
একসময় চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুৎ আন্দোলনের কারণে পরিচিতি পান গোলাম রাব্বানী। তিনি ২০১৩ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং পরে সাংসদ হন। কিন্তু শিবগঞ্জের ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন।
এ ব্যাপারে গোলাম রাব্বানী বলেন, ‘জামায়াত-বিএনপির হামলার ঘটনার পর অনেকেই এলাকা ত্যাগ করে পালিয়ে বেড়াচ্ছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করা তো দূরের কথা দলীয় কোনো কর্মসূচিই পালিত হচ্ছিল না। এ অবস্থায় দলে যোগদানের পর নেতা-কর্মীদের প্রকাশ্যে নিয়ে এসেছি। এতে করে ব্যর্থ পুরোনো কিছু নেতা ঈর্ষান্বিত হয়ে নানা মিথ্যা অভিযোগ করছে। তবে অভিযোগকারী ইউনিয়ন পর্যায়ের অনেক নেতাই এখন আমার সঙ্গে হাত মিলিয়েছেন।’ দুর্নীতির অভিযোগ তিনি অস্বীকার করেন।
একসময় জেলার দপ্তর, প্রচার ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা এমরান ফারুক মাসুম কমিটিতে স্থান পাননি। তাঁর দাবি, বাকশাল গঠন করে বঙ্গবন্ধু ভুল করেছেন—এমন সমালোচনা করে একসময় মঈনুদ্দীন মন্ডল দল ত্যাগ করেছিলেন। তিনি এখন জেলা সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক। আর সদর আসনের সাংসদ আবদুল ওদুদ ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি। তাঁর সঙ্গে আসা বিএনপি ও যুবদলের নেতারা দলে ও বিভিন্ন অফিস-আদালতে প্রভাব খাটাচ্ছেন।
অবশ্য মঈনুদ্দীন মন্ডল প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি কখনো আওয়ামী লীগ ত্যাগ করেননি। তিনি বলেন, জেলার ব্যানারে না হলেও উপজেলা বা শহর আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচি পালিত হয়। এতে জেলার সমর্থন থাকে।
আগের ভুল নেতৃত্ব ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেন আবদুল ওদুদ। তিনি বলেন, ‘আমার নেতৃত্বে বিএনপির অনেক নেতা-কর্মীই দলে যোগ দিয়েছে, দেবে—এটাই স্বাভাবিক।’ অবশ্য প্রভাব খাটানোর অভিযোগ তিনি অস্বীকার করেন।