দুই নেতার বিরোধ আবারও উসকে দিল গৃহকর
নগরের বর্ধিত হোল্ডিং ট্যাক্স (গৃহকর) আদায়ের সিদ্ধান্ত বন্ধ করতে বর্তমান মেয়রের প্রতি আহ্বান জানিয়ে আসছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্যদিকে স্থাপনার ‘ভাড়ার ভিত্তিতে’ গৃহকর আদায়ে অনড় রয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ নিয়ে তাঁরা সভা-সমাবেশে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। ফলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নগর শাখার দুই শীর্ষ নেতার রাজনৈতিক বিরোধ আবারও সামনে চলে এসেছে।
এ বি এম মহিউদ্দিন চৌধুরী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র। আ জ ম নাছির উদ্দীন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সিটি মেয়র। নগর আওয়ামী লীগের রাজনীতিতে এই দুই নেতা দুটি ধারার নেতৃত্ব দিয়ে আসছেন।
গৃহকর নিয়ে দুই নেতার বিরোধও পুরোনো। গত বছরও এ নিয়ে তাঁরা বাহাসে জড়ান। গত বছরের ২৮ এপ্রিল নগরের ফিরোজ শাহ এলাকার একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরীর নাম উল্লেখ না করে মেয়র নাছির উদ্দীন বলেন, ‘সাবেক একজন মেয়র মিথ্যা ও বানোয়াট তথ্য-উপাত্ত উপস্থাপন করে নাগরিকদের বিভ্রান্ত করছেন।’ এর দুই দিন পর ওই বছরের ১ মে লালদীঘি মাঠে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে মেয়র নাছির উদ্দীনকে উদ্দেশ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘হুংকার বন্ধ করুন। নগরপিতা বানিয়েছি হুংকার দেওয়ার জন্য নয়।’
গৃহকর বিরোধ আবার সামনে আসে গত রোববার। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামের সংবর্ধনা অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। নগরে হোল্ডিং ট্যাক্স বাড়ালে সংসদ নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। তাই মেয়রকে অনুরোধ, বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত বন্ধ করুন।’
পরদিন সোমবার সিটি করপোরেশনের ২০তম সাধারণ সভায় এর পাল্টা জবাব দেন আ জ ম নাছির উদ্দীন। মহিউদ্দিন চৌধুরীর নাম উল্লেখ না করে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্স ধার্য করা নিয়ে একজন দায়িত্বশীল ব্যক্তি ও বিশেষ মহল জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছেন। ওই ব্যক্তি ও মহল সরকারের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানামুখী অপপ্রচারে লিপ্ত।’ ওই সভায় তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নাগরিকদের ওপর কর ধার্য করার কোনো এখতিয়ার বা ক্ষমতা মেয়রের নেই। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর ধার্য করে। কর আদায় করে সিটি করপোরেশন।
গৃহকর নিয়ে এই দুই নেতার বিরোধকে রাজনৈতিক ব্যাপার বলে উল্লেখ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর চট্টগ্রাম সভাপতি ও প্রবীণ অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন কর আদায় করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী। নগরবাসী কর না দিলে নগর উন্নয়ন কীভাবে হবে?’
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, গত বছরের ২১ মার্চ নগরের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্যকেন্দ্রের এক অনুষ্ঠানে ১১টি ওয়ার্ডের গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন মেয়র। এরপর গত বছরের অক্টোবর মাস থেকে বাকি ৩০টি ওয়ার্ডের গৃহকর পুনর্মূল্যায়নের কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম এখনো চলমান।
পুরোনো পদ্ধতিতে স্থাপনার আয়তন অনুযায়ী (প্রতি বর্গফুট) গৃহকর নির্ধারণের দাবি জানিয়ে ইতিমধ্যে নগরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ নামের একটি সংগঠন। বাড়িওয়ালা ও ভাড়াটেদের নিয়ে এই সংগঠন গঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন যে পদ্ধতিতে কর নির্ধারণ করার প্রক্রিয়া শুরু করেছে, তা অন্যায় ও বেআইনি। এ পদ্ধতি বাস্তবায়িত হলে গৃহকর বর্তমানের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে, যা মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা সম্ভব না।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বর্ধিত হারে হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। বর্ধিত হারে হোল্ডিং ট্যাক্স আদায়ের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের পক্ষে চার ব্যক্তি গত সোমবার রিট আবেদনটি করেন।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, নগরের বিভিন্ন ওয়ার্ডে কর পুনর্মূল্যায়নের মাঠ পর্যায়ের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আছে। এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আদালতের স্থগিতাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে আদালতের লিখিত আদেশ পাওয়ার এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।’
গৃহকর নিয়ে বিরোধের ব্যাপারে জানতে চাইলে গত মঙ্গলবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মহিউদ্দিন চৌধুরী। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন,
‘তিনি (মেয়র) নিজেকে জমিদার মনে করেন। আর সবাই ভাড়াটে। আমিও তো মেয়র ছিলাম। কীভাবে ট্যাক্স আদায় করতে হয় সেটা আমি বুঝি। আইনের কথা বলে গায়ের জোর খাটিয়ে ট্যাক্স আদায় করা যাবে না। আমিও ট্যাক্স দেব। কিন্তু সমঝোতার মাধ্যমে নিতে হবে। আমি যে ট্যাক্স দিচ্ছি সুন্দর মসৃণ রাস্তা পাচ্ছি? রাস্তাঘাট ভাঙাচোরা। বাতাসে ধুলাবালু উড়ছে। তাঁর অযোগ্যতার কারণে এ শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, যা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন।’
এদিকে পাল্টাপাল্টি বক্তব্যের কারণে সংগঠনে কোনো বিরোধ সৃষ্টি হবে না বলে দাবি করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি প্রথম আলোকে বলেন, ‘উনি (মহিউদ্দিন চৌধুরী) সব বিষয়ে কথা বলেন। এগুলো নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি আইনি কাঠামোর মধ্য থেকে এখতিয়ার অনুযায়ী দায়িত্ব পালন করব। বলতে বাধ্য হচ্ছি, তিনি জেনেশুনে কোনো মনঃকষ্ট থেকে এই কথাগুলো বলছেন আর না হয় সরকারর অংশ হয়ে সরকারর বিরুদ্ধে অবস্থান করা। উনি মেয়রের দায়িত্ব পালন করেছেন, উনি তো জানেন এখানে মেয়রের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই।’