প্রায় দুই বছর ধরে কোনো অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে একসঙ্গে দেখা যাচ্ছে না। দুই নেতার অনুসারীরা পৃথক অনুষ্ঠান করেন, কর্মসূচি পালন করেন।
দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির কর্তৃত্ব নিয়ে সভাপতি নাদিম মোস্তফা ও সাধারণ সম্পাদক কামরুল মনিরের মধ্যে দ্বন্দ্ব চলছে। এক পক্ষের অভিযোগ, সভাপতি এককভাবে সিদ্ধান্ত নেন। এ কারণে তাঁরা সভাপতিকে এড়িয়ে চলছেন। অপর পক্ষের দাবি, সভাপতিকে পাশ কাটিয়ে সাধারণ সম্পাদক দলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান। এ কারণে তাঁরা ওদের বাদ দিয়ে চলছেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, নাদিম মোস্তফার একনায়কতন্ত্রের কারণে তাঁর সঙ্গে কেউ চলতে পারছেন না। ত্যাগী নেতারা উৎসাহ হারিয়ে ফেলেছেন। তাঁর সঙ্গে যাঁরা আছেন, তাঁদের রাজনৈতিক ভিত্তি নেই। গোলাম মোস্তফা মামুন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনিরের পক্ষের নেতা হিসেবে পরিচিত।
জানতে চাইলে নাদিম মোস্তফা দলে বিভক্তির কথা স্বীকার করেন। তিনি সাধারণ সম্পাদক ও তাঁর অনুসারীদের প্রতি ইঙ্গিত করে প্রথম আলোকে বলেন, ‘এঁরা আগে মিজানুর রহমান মিনুর সঙ্গে রাজনীতি করেছেন। সেখানে উপযুক্ত সম্মান পাননি, আমি তাঁদের সম্মানিত করেছি। এখন তাঁদের মুখে আমার সম্পর্কে একনায়কতন্ত্রের কথা মানায় না।’ তিনি বলেন, নতুন কমিটি হলে চেয়ারপারসন যদি তাঁকে দায়িত্ব দেন, তিনি এঁদের আর কমিটিতেই রাখবেন না।
২০০৯ সালের ২৬ নভেম্বর নাদিম মোস্তফাকে সভাপতি ও কামরুল মনিরকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। পরদিন কেন্দ্র এ কমিটির অনুমোদন দেয়। কিন্তু তিন দিনের মাথায় জেলা বিএনপির পাল্টা কমিটি গঠিত হয় শহরের ভুবনমোহন পার্কে। এতে জেলা বিএনপির সে সময়কার আহ্বায়ক আজিজুর রহমানকে সভাপতি ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে সাধারণ সম্পাদক করা হয়। বিএনপির চেয়ারপারসনের নির্দেশে পাল্টা কমিটি স্থগিত হয়। কিন্তু দলে বিভক্তি কাটেনি, বরং তা বেড়েছে বলে দলীয় সূত্র জানায়।
স্থানীয় বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলেন, বিগত আন্দোলনের সময় রাজশাহী জেলা বিএনপি কোনো কর্মসূচি পালন করেনি। সমালোচনা এড়াতে নেতারা একঝলক ক্যামেরার সামনে দাঁড়িয়ে দায়িত্ব সেরেছেন। গত ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধ ও পরে হরতাল আহ্বান করা হলে রাজশাহী কলেজে একটি মিছিলে নাদিম মোস্তফাকে দেখা যায়। তারপর তিনি ঢাকায় নিজের বাসা থেকে গ্রেপ্তার হন। গত মাসে তিনি জামিনে মুক্তি পান।
সর্বশেষ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে আলোচনার সভার আয়োজন করে। তাতে নাদিম মোস্তফা ও কামরুল মনির উপস্থিত ছিলেন না। জেলা বিএনপির সহসভাপতি মাইনুল আহসান সভাপতিত্বে আলোচনায় ১৫১ সদস্যের জেলা কমিটির নেতাদের মধ্যে যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ ছাড়া আর কোনো বড় নেতাকে দেখা যায়নি। সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের কিছু নেতা ছিলেন। এ আলোচনা সভার তিন দিন আগে কামরুল মনিরের নেতৃত্বে দলের রাজশাহী মহানগর কার্যালয়ে জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান করা হয়।
জানতে চাইলে কামরুল মনির বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে আমরা বিভক্ত মত পোষণ করি। কিন্তু দেখা-সাক্ষাৎ একেবারেই হয় না, তা ঠিক নয়। আর দুই জায়গায় অনুষ্ঠান হলে আমরা ভাগাভাগি করে অংশ নিই।’
অবশ্য বর্তমান কমিটির শীর্ষস্থানীয় নেতারা দাবি করেন, ৫ জানুয়ারির আন্দোলনে রাজশাহী জেলা বিএনপি অন্য কোনো জেলার চেয়ে পিছিয়ে ছিল না, বরং অনেক জেলার চেয়ে এগিয়ে ছিল।
জানতে চাইলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, বর্তমানে রাজশাহীতে দলের সাংগঠনিক অবস্থা নাজুক। বর্তমান কমিটির নেতৃত্বে নেতা-কর্মীরা মাঠে নামবে না। নতুন কমিটি না হলে এ অবস্থার উত্তরণ ঘটবে না।
অবশ্য দলের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ দাবি করেন, নেতা-কর্মীরা নাদিম মোস্তফার সঙ্গে আছেন। উপজেলা ইউনিটগুলোতে ভালোভাবে সাংগঠনিক তৎপরতা চলছে।