দুই পক্ষই চায় ন্যূনতম ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা ও  ড. কামাল হোসেন
শেখ হাসিনা ও ড. কামাল হোসেন
>
  • বৃহস্পতিবার সন্ধ্যায় আ. লীগ–ঐক্যফ্রন্ট সংলাপ
  • সরকার দ্রুত সাড়া দেওয়ায় বিএনপিতে সন্দেহ 
  • সংসদ ভেঙে দেওয়ায় জোর দেবে ঐক্যফ্রন্ট
  • ছোটখাটো কিছু বিষয়ে ছাড় দিতে পারে আ. লীগ
  • সংলাপ অর্থপূর্ণ হবে কিনা, তা নিয়ে আলোচনা

নির্বাচনকালীন সংকট নিয়ে নিকট-অতীতের কোনো রাজনৈতিক সংলাপই ফলপ্রসূ হয়নি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল। এর মধ্যেও ক্ষমতাসীন দল ও বিরোধী জোট-দুই পক্ষই সংলাপ থেকে ন্যূনতম হলেও একটা ফল আনতে চায়। এই লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে হতে যাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ। ফলে আজ সবার চোখ গণভবনের দিকে।

এই সংলাপে সরকারি দলের পক্ষে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে থাকবেন আওয়ামী লীগ ও ১৪-দলীয় জোটের আরও ২২ নেতা। অপর পক্ষে থাকছেন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় ১৬ নেতা। এর মধ্যে বিএনপির মহাসচিবসহ দলটির ৫ জন জ্যেষ্ঠ নেতা অংশ নেবেন।

সংলাপ চেয়ে ঐক্যফ্রন্টের চিঠি এবং প্রধানমন্ত্রীর দ্রুত সাড়া দেওয়ার পর কয়েক দিন ধরেই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে এই সংলাপ অর্থপূর্ণ হবে নাকি কেবলই লোকদেখানো; এমন আলোচনায়ও আছে।

আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসবে বলে তাঁদের ধারণা। তাই ছোটখাটো কিছু বিষয়ে ছাড় দিলেও তফসিলের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন বা সংসদ ভেঙে দেওয়ার মতো দাবি মানার সম্ভাবনা নেই।

তবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা একটা ন্যূনতম সমঝোতার চেষ্টার অংশ হিসেবে সংলাপকে অর্থবহ করতে চান। এই মনোভাবের বিষয়টা দেশবাসীকেও তাঁরা দেখাতে চান। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আমরা সংলাপে বিশ্বাস করি। দেশের স্বার্থে, জাতির স্বার্থে সংলাপ হোক। সংলাপের মধ্য দিয়ে ঐকমত্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাব।’

সতর্ক বিএনপি
জাতীয় ঐক্যফ্রন্টের সবচেয়ে বড় শরিক দল বিএনপির নেতাদের একটা অংশ সংলাপের আহ্বানে সরকারের দ্রুত সাড়া দেওয়াটাকে সন্দেহের চোখে দেখছে। এ জন্য তারা সতর্ক আছে। কারণ, সংলাপ চেয়ে ড. কামাল হোসেনের চিঠি দেওয়ার এক দিন আগেও আওয়ামী লীগ বলেছে, কোনো সংলাপ হবে না। ঐক্যফ্রন্টের সাত দফা ভুয়া, একটাও মানা হবে না। আবার সংলাপে রাজি হওয়ার পরে পরপর দুদিন দুটি আদালতে দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাজার রায় হয়েছে। এরপর গতকাল বুধবার বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করার জন্য হাইকোর্ট একটা আদেশ দেন। যার ফলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে থাকাটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে।

বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেছেন, তাঁদের অনেকের মধ্যে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে সরকার খালেদা ও তারেককে নেতৃত্ব থেকে সরাতে চায়, একই সঙ্গে বিএনপিকেও নির্বাচন থেকে দূরে রাখতে চায়। আবার, ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে রাজি হওয়ার পর সরকারি দল যেভাবে একে একে বিকল্পধারা, এরশাদের নতুন জোটসহ বিভিন্ন দলকে সংলাপে আনছে, তাতে পুরো বিষয়কে হালকা করে দেওয়া হচ্ছে। একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে মাঠে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হচ্ছিল, সেটাকেও চাপা দিয়ে সরকারি দল দেখাতে চাইছে, তারা সবার সঙ্গে আলোচনা করতে আন্তরিক। এর আড়ালে সরকার ছক অনুযায়ী নির্বাচনের দিকে এগোচ্ছে-এমন সন্দেহও রয়েছে বিএনপির অনেকের মধ্যে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ বা নির্বাচন কোনোটাই ফলপ্রসূ হবে না। খালেদা জিয়ার মুক্তি না হলে নির্বাচনও অর্থবহ হবে না।

সংসদ ভেঙে দেওয়ায় জোর দেবে ঐক্যফ্রন্ট
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলছেন, সাত দফা দাবি নিয়েই তাঁরা সংলাপে আলোচনা করবেন। দাবি মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাবেন তাঁরা। তবে ঐক্যফ্রন্টের সূত্র বলছে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রশ্নে সংবিধান সংশোধনে সরকারি দল রাজি না হলে তারা তফসিলের আগে সংসদ ভেঙে দেওয়ার দাবিতে জোর দেবে। সে ক্ষেত্রে সংবিধান সংশোধনের বিষয় নেই। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। আর এটা মেনে নিলে নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা গঠনের বিষয়ে বিকল্প প্রস্তাব দেবে। সেটা হলো, মন্ত্রিসভার ১০ শতাংশ সদস্য যেহেতু টেকনোক্র্যাট কোটা থেকে নেওয়ার বিধান আছে, সেখানে ঐক্যফ্রন্ট থেকে নেওয়ার প্রস্তাব থাকবে।

ঐক্যফ্রন্টের শীর্ষ পর্যায়ের একজন নেতা প্রথম আলোকে বলেন, সংসদ ভেঙে দেওয়ার দাবি মেনে নিলে এবং মন্ত্রিসভায় ১০ শতাংশ ঐক্যফ্রন্টকে দেওয়া হলে সবার জন্য সমান সুযোগের অনেকটাই এসে যাবে।
তবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার সংবিধানসম্মত আলোচনার জন্য সংলাপ ডেকেছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। সাত দফার প্রতিটি সংবিধান মেনেই নিষ্পত্তি সম্ভব।

ছোটখাটো ছাড়ে রাজি হবে আ. লীগ
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র বলছে, তাঁরা মনে করছেন, ঐক্যফ্রন্টের সাত দফার মধ্যে মূল দাবি প্রথমটি। সেটা হচ্ছে; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, আলোচনা করে নিরপেক্ষ সরকার গঠন এবং খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার। এর মধ্যে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের জন্য সংবিধান সংশোধনের দাবি মানার পক্ষে নয় আওয়ামী লীগ। খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার বলে এড়ানোর চেষ্টা করবে। সংসদ ভেঙে দেওয়ার দাবিও মানতে চাইবে না।

এ ছাড়া ছোটখাটো বিষয়ে ছাড় দেওয়ার চিন্তা আছে। যেমন সভা-সমাবেশে বাধা না দেওয়া, তফসিলের পর নতুন মামলা না দেওয়া ও বিরোধী দলের কর্মীদের গ্রেপ্তার না করা, নির্বাচনী প্রচারণায় বিরোধীদের বাধা না দেওয়া। সুনির্দিষ্ট সরকারি কোনো কর্মকর্তার বিষয়ে আপত্তি থাকলে তা আমলে নেওয়া ইত্যাদি। এমনকি নির্বাচনকালীন সময়ের জন্য মন্ত্রী করার দাবি এলে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে একজনকে বিবেচনায় নেওয়ারও সম্ভাবনা আছে বলে সরকারি দলের একজন কেন্দ্রীয় নেতা জানান।

আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এবারের সংলাপ সফল বা ব্যর্থ-এই মোটা দাগে চিহ্নিত করা যাবে না। এই সংলাপের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক পরিস্থিতিটা স্বাভাবিক করা। ওই নেতা বলেন, অতীতের সংলাপগুলোর থেকে এবারের সংলাপ কিছুটা আলাদা। প্রথমত, এবার শীর্ষ নেতাদের মধ্যে সংলাপ হচ্ছে। দ্বিতীয়ত, এবার কোনো মধ্যস্থতাকারী নেই। ফলে দুই পক্ষই ত্বরিত সিদ্ধান্ত নিতে পারবে।

অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘আলোচনা হবে এবং সেখানে কী ফল বেরিয়ে আসবে, আমি তো এই মুহূর্তে বলতে পারছি না। আমরা এ ধরনের সংলাপের পক্ষে ছিলাম না, এটা ওপেন। কিন্তু আমাদের নেত্রী তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং অভিজ্ঞতায় যেটা সঠিক মনে করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর সঙ্গে আমরা সবাই, আমাদের গোটা দল অভিন্ন মত পোষণ করেছি।’ তিনি বলেন, আলোচনা হোক। কিছু বিষয় আছে সাংবিধানিক বিষয়, কিছু বিষয় আছে আইন-আদালতের ব্যাপারে, কিছু আছে নির্বাচন কমিশনের বিষয়।

সরকারি জোটের যাঁরা থাকছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারি জোটের পক্ষে সংলাপে আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ জন নেতা অংশ নেবেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া আওয়ামী লীগের ১৮ জন। তাঁরা হলেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, আনিসুল হক, আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আবদুল মতিন খসরু, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আবদুস সোবহান গোলাপ, হাছান মাহমুদ ও শ ম রেজাউল করিম। ১৪ দলের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু, জাসদের আরেক অংশের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া।

কাল বিকল্পধারা, ৫ নভেম্বর এরশাদের সঙ্গে সংলাপ
জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের প্রস্তাবে প্রধানমন্ত্রীর সাড়া দেখে সংলাপের আমন্ত্রণ চেয়ে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন। ওই রাতেই তাঁদের ২ নভেম্বর শুক্রবার সংলাপের তারিখ জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী। এরপর গতকাল সংলাপ চেয়ে চিঠি পাঠান একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও। গতকালই তাঁকে জানানো হয়, ৫ নভেম্বর সন্ধ্যা সাতটায় জাপাকে সংলাপের জন্য সময় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত, আর দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা। গত সেপ্টেম্বর মাসেই প্রধানমন্ত্রীর সঙ্গে দুজন পৃথক বৈঠক করেন।

বাম জোটকে সংলাপে চায় সরকার
সরকারি দল বাম গণতান্ত্রিক জোটকেও সংলাপে আনতে চায়। এ জন্য বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে গতকাল ফোন করেছেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এ বিষয়ে জানতে চাইলে সাইফুল হক প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা ফোন করে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিনিধিদলের নামের তালিকাসহ আমাদের একটি চিঠি দিতে বলেছেন। জোটের বৈঠকে আলোচনা করে তাঁদের জানাব।’