দুই পক্ষের উত্তেজনা, আ.লীগের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতাদের পরিচয় করিয়ে দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ সভা পণ্ড হয়ে গেছে।
দলীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে যৌথ সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোরশেদ আলম। সভায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক শওকত হোসেন, সদস্যসচিব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এম দলিলুর রহমান বক্তব্য দেওয়ার পর সঞ্চালক মিজানুর রহমান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলম ওরফে রিগান ও সাধারণ সম্পাদক মাজেদুল হক ওরফে তানভিরকে পরিচয় করিয়ে দেন। এ সময় মঞ্চ থেকে উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদককে পরিচয় করিয়ে দেওয়ার দাবি ওঠে। এ নিয়ে সাংসদ মোরশেদ আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর টিপুর অনুসারীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাংসদ মোরশেদ আলম সভাস্থল ত্যাগ করেন। এতে সভা পণ্ড হয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রলীগ নেতাদের পরিচয় করিয়ে দিতে গিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডায় সভা পণ্ড হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে শওকত হোসেন প্রথম আলোকে বলেন, সভার শেষ পর্যায়ে ওই ঘটনা ঘটে।
সাংসদ মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সভাস্থল ত্যাগ করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, ছাত্রলীগের নেতাদের পরিচয় করিয়ে দেওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয়। তখন তিনি দুই পক্ষকে শান্ত করেন।
কয়েক বছর ধরে সেনবাগ উপজেলা আওয়ামী লীগে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে আছেন স্থানীয় সাংসদ মোরশেদ আলম। অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু জাফর।