
খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি গতকাল রোববার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সংঘাত এড়াতে শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলার সময় শহরের ব্যস্ততম এলাকা শাপলা চত্বর থেকে জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়ে হাজারো মানুষ।
দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে শহরে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত যানবাহন চলাচল কমে যায়। এ সময় শাপলা চত্বর থেকে জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত যানবাহন চলাচল করেনি। খাগড়াছড়ি বাজারের অনেক দোকানপাট বন্ধ ছিল।
১ আগস্ট রাতে খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়ায় সন্ত্রাসীরা জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়াকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার বাদী হয়ে সদর থানায় হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলা করেন। মামলায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, তাঁর ছোট ভাই দিদারুল আলমসহ ১২ জন এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।
গতকাল সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের একাংশ জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়ার ওপর হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের কদমতলীর অস্থায়ী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। মিছিল ও সমাবেশ থেকে পৌর মেয়র মো. রফিকুল আলমকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এরপর এই অংশের নেতা-কর্মীরা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে মেয়র মো. রফিকুল আলম, তাঁর ভাই দিদারুল আলম ও জাহেদুল আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। পৌর নির্বাচনের পর থেকে তাঁরা দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।
অপর দিকে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম তাঁর ছোট ভাই দিদারুল আলমসহ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আওয়ামী লীগের অপর পক্ষ বেলা একটায় মানববন্ধন ও সমাবেশ করে। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তাঁরা স্মারকলিপি দেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক নুরুন নবী, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের প্রমুখ।
এ ব্যাপারে খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।