রাজবাড়ীতে গতকাল শনিবার জেলা বিএনপির দুই পক্ষের পূর্বনির্ধারিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়নি। একই সময়ে একই স্থানে সভা আহ্বান করায় প্রশাসনের হস্তক্ষেপে দুটি পক্ষ কর্মসূচি স্থগিত করেছে।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা বিএনপিতে দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা কমিটির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তাঁর সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি রোকন উদ্দিন চৌধুরী ও সহসভাপতি এ বি এম মঞ্জুরুল আলম। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন সহসভাপতি এম এ খালেক। তাঁর সঙ্গে আছেন সহসভাপতি আসলাম মিয়া ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে ২০০০ সালে বিএনপিতে যোগ দেন আলী নেওয়াজ। ২০০১ সালে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন। প্রথমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরে ২০১১ সালের ২০ জুন সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি। ওই সম্মেলনে সাধারণ সম্পাদক হন রাজনীতিতে নতুন মুখ হারুন অর রশিদ।
দলীয় সূত্রগুলো জানায়, আলী নেওয়াজ বিএনপিতে যোগ দেওয়ার পর তাঁর নেতৃত্ব মেনে নিতে পারেননি এম এ খালেকের অনুসারীরা। একপর্যায়ে খালেকের সঙ্গে যোগ দেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে। গত বৃহস্পতিবার এম এ খালেকের সমর্থকেরা জেলা বিএনপির কার্যালয়ে সভা করার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দেন। একই সঙ্গে সভা আয়োজনের বিষয়ে মাইকিং করা হয়। পরদিন আলী নেওয়াজের সমর্থকেরাও একই স্থানে সভা করার অনুমতি চেয়ে আবেদন করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে দেখা যায়, মাইক টাঙানোর কাজ চলছে। কার্যালয় ও এর আশপাশে আলী নেওয়াজের সমর্থক নেতা-কর্মীদের জটলা। এদিকে শহরের রেলস্টেশনের পাশে এম এ খালেকের বাড়িতে অবস্থান নেন তাঁর সমর্থকেরা। দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসন থেকে লিখিতভাবে দুই পক্ষকে সভা করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। দুই পক্ষই বিষয়টি মেনে নেয়।
জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক বলেন, ‘সভাপতি (আলী নেওয়াজ) এমপি হওয়ার জন্য রাজনীতি করেন। দল বা দেশের সেবা করা তাঁর উদ্দেশ্য নয়। তিনি কেন্দ্রীয় নেতা হয়েও কেন্দ্রীয় কমিটির কর্মসূচিতে অংশ নেন না। জেলার সব কর্মসূচিও পালন করেন না। আমরা দলকে সুসংগঠিত করার জন্য দলীয় কার্যালয়ে সভা আহ্বান করেছিলাম। আমাদের সভা বানচাল করার জন্য তিনি পরদিন সভা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।’
আলী নেওয়াজ বলেন, ‘১৫ থেকে ২০ নেতা-কর্মীকে নিয়ে সভা করার প্রস্তুতি নিচ্ছিলাম। এ বিষয়ে প্রশাসন থেকে মৌখিকভাবে অনুমতিও নিয়েছিলাম। কিন্তু একটি পক্ষ আওয়ামী লীগ ও প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের সভা বানচাল করেছে। রাজপথে লড়াই-সংগ্রামে আমরাই আছি।’
জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, দুটি পক্ষ একই সময়ে একই স্থানে অনুষ্ঠান করার অনুমতি চেয়েছিল। এ বিষয়ে পুলিশ সুপারের মতামত চেয়েছিলাম। দাঙ্গা-হাঙ্গামাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ছিল। এ কারণে উভয় পক্ষকে সভা করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।