গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির দুটি পক্ষ পাল্টাপাল্টি ঈদ ‘পুনর্মিলনী’ অনুষ্ঠান করেছে। গতকাল বুধবার সকালে কালিয়াকৈরের সাহেববাজার এলাকায় একটি পক্ষ এবং গোয়ালবাথান এলাকায় আরেকটি পক্ষ অনুষ্ঠানের আয়োজন করে।
দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের কোনো কর্মসূচি না থাকায় সংগঠনের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এ কারণে বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পৌর মেয়র মজিবুর রহমান ঈদ উপলক্ষে গতকাল উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। পবিত্র রমজানের শেষ দিকে ওই অনুষ্ঠানের প্রচারণা শুরু করা হয়। পরে উপজেলা বিএনপির একটি অংশের নেতারা একই দিনে পৃথক স্থানে আরেকটি কর্মসূচির ঘোষণা করেন।
গতকাল বিকেলে কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় সুফিয়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সহসভাপতি আবদুল কাদের, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি এ এইচ এম শওকত ইমরান, মো. আক্তারুজ্জামান, মাকসুদ হেলালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহম্মেদ, পৌর যুবদলের সভাপতি হযরত আলী, পৌর কাউন্সিলর শামছুল আলম সরকার ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সোলায়মান কবির।
এদিকে উপজেলা বিএনপির পক্ষটি সাহেববাজার এলাকায় গতকাল সকালে অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কাজী ছাইয়েদুল আলম। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান প্রমুখ।
কয়েকজন নেতা-কর্মী বলেন, দুই পক্ষের অনুষ্ঠানে নেতা-কর্মীরা নিজেরাই নিজেদের সমালোচনা করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী সফল ও সার্থক হয়েছে। তাদের অনুষ্ঠান বাতিল করতে উপজেলা বিএনপির একটি অংশ একই দিনে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করেছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, পৌর বিএনপির একটি পক্ষ তাদের অনুষ্ঠানে বিঘ্ন ঘটিয়েছে। তবে একই দিনে দুটি অনুষ্ঠান করায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।