পিরোজপুরের কাউখালী উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করাসহ পাল্টা কমিটি ঘোষণা করেছে দলটির একাংশ। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ এ কে এম এ আউয়াল।
দলের একাংশের নেতা-কর্মীরা ওই সম্মেলন বর্জন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে পাল্টা সমাবেশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের স্থান নির্ধারণ করা ছিল। তবে ওই সম্মেলনস্থল আগে থেকে দখল করে নেয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুস শহিদের সমর্থকেরা। এ কারণে দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে চারটার দিকে জেলা আওয়ামী লীগের নেতারা এম নূরুল হককে সভাপতি ও তালুকদার মো. দেলোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এ ঘোষণার পর আবদুস শহিদের সমর্থকেরা নতুন কমিটির বিরোধিতা করে শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তাঁরা সমাবেশে করে আবদুস শহিদ সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যান মো. কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাউখালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়্যারম্যান আমিনুর রশীদকে সাংগঠনিক সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করেন।
আমিনুর রশীদ বলেন, ‘আমাদের না জানিয়ে হঠাৎ করে জেলা আওয়ামী লীগ মঙ্গলবার সম্মেলনের তারিখ ঘোষণা করে। সোমবার রাতে তারা গোপনে ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন করে সেই কমিটির লোকজন দিয়ে সম্মেলন করেছে, যাঁদের অনেককে আমরা চিনি না। জেলার নেতারা “পকেট কমিটি” ঘোষণা করায় আমরা পাল্টা কমিটি করেছি।’
তালুকদার দেলোয়ার হোসাইন অভিযোগ অস্বীকার করে বলেন, জেলা কমিটি আগস্ট মাসের সভায় ২৩ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করে। পরে তা এক সপ্তাহ পেছানো হয়। ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি দুই মাস আগে করা হয়েছে।