পটুয়াখালী জেলা বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। বিভিন্ন উপজেলায় একই দিনে ও একই সময় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জেলা বিএনপির একটি পক্ষ থেকে জেলা ও উপজেলা বিএনপির কর্মিসভা আহ্বান এবং অপর পক্ষ জেলা ও উপজেলা বিএনপির কমিটি গঠনের দাবিতেকর্মিসভা আহ্বান করে আলাদা কর্মসূচি দিয়েছে। দুই পক্ষই এ-সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট উপজেলা কমিটিকে পাঠিয়েছে। এ অবস্থায় তৃণমূল পর্যায়ে কোন্দল ও উত্তেজনাদেখা দিয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়া স্বাক্ষরিত চিঠির বিষয় ছিল জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির কর্মিসভার সময়সূচি অবহিতকরণ। গত ২৫ নভেম্বর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
সময়সূচিতে দেখা যায়, ৩ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত জেলার সাত উপজেলায় কর্মসূচি দেওয়া হয়েছে। তবে কলাপাড়া উপজেলায় কর্মসূচি দেওয়া হয়নি। কর্মসূচি অবহিত করার জন্য দলের মহাসচিব, সাংগঠনিক সমন্বয়কারী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদককে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
এদিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি জেলা বিএনপির পক্ষে জেলা ও উপজেলা কমিটি গঠনের দাবিতে কর্মিসভা আহ্বান করেছেন। ২৮ নভেম্বর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, কর্মিসভায় প্রধান অতিথি থাকবেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া। বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির আরেক সাবেক আহ্বায়ক শাহাদাৎ হোসেন মৃধাসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। জেলা বিএনপি ৩ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত কর্মিসভার যে সময়সূচি দিয়েছে স্নেহাংশু সরকারের দেওয়া চিঠিতেও কর্মিসভার জন্য একই উপজেলায়, একই তারিখ ও সময় নির্ধারণকরা হয়েছে। এ ছাড়া স্নেহাংশু সরকারের চিঠিতে ৭ ডিসেম্বর কলাপাড়া উপজেলায় কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচি অবহিত করার জন্য একইভাবে দলের মহাসচিবসহ সংশ্লিষ্ট সবাইকেচিঠির অনুলিপি দেওয়া হয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে কোন্দল ও উত্তেজনা তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি আশফিকুর রহমান বলেন, একক সিদ্ধান্তে সংগঠন চলতে পারে না। এ কারণে দলে কোন্দল।
তবে জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান বলেন, আসলে জেলা বিএনপিতে সাবেক সাধারণ সম্পাদক বলে কোনো পদ নেই। তাঁরা বিএনপির কেউ নন। গত পাঁচ বছরে তাঁদের আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। বিএনপির ক্ষতি করতেই তাঁদের এই কর্মসূচি বলে মনে করেন তিনি।
স্নেহাংশু সরকার কুট্টি বলেন, জেলা বিএনপিকে এখন নতুন করে সাজানো দরকার। পটুয়াখালীতে বিএনপির অনেক ত্যাগী নেতা-কর্মী রয়েছেন, যাঁদের জেলা বিএনপিতে স্থান দেওয়া হয়নি। তিনি দাবি করেন, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পছন্দের লোকজন নিয়ে দল চালাচ্ছেন। এ কারণে দলের সাংগঠনিক কোনো কার্যক্রম নেই। তাই দলকে শক্তিশালী করতে জেলা ও উপজেলাগুলোতে নতুন কমিটি গঠনের দাবিতে তাঁদের এই কর্মসূচি বলে জানান তিনি।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়া বলেন, ‘স্নেহাংশু সরকার এখন বিএনপির কেউ নন। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে তাঁকে দল থেকে অনেক আগেই অপসারণ করা হয়েছে। তিনি জেলা বিএনপির হয়ে কোনো কর্মসূচি দিতে পারেন না। আসলে তিনি আওয়ামী লীগের অ্যাজেন্ডা নিয়ে বিএনপির কর্মসূচি বানচাল করতে এভাবে পাল্টা কর্মসূচি দিয়েছেন। তবে আমাদের সাংগঠনিক কর্মসূচি নির্ধারিত সময়ে হবে।’