দুই পক্ষের পাল্টাপাল্টি সভা, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ফের প্রকাশ্যে চলে এসেছে। আজ শনিবার জেলা বিএনপির দুই পক্ষ শহরের পটুয়াখালী শের-ই-বাংলা পাঠাগারে একই সময়ে প্রতিনিধি সভা ডেকেছে। এ পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন আজ সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সভার স্থানসহ আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

সংগঠনের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী বলেন, জেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ রব মিয়া। অন্য পক্ষে আছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার ও বর্তমান সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান। বিভক্তির কারণে দলের বিভিন্ন কর্মসূচি পৃথকভাবে পালিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে পটুয়াখালী শের-ই-বাংলা পাঠাগারে ২২ এপ্রিল সকাল ১০টায় দলের প্রতিনিধি সভা আহ্বান করা হয়। এতে অতিথি হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার নাম ঘোষণা করা হয়। সভাপতিত্ব করার কথা জাতীয় স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর।

এদিকে গত বুধবার জেলা বিএনপির অপর ওই স্থানে একই সময় প্রতিনিধি সভা আহ্বান করে। সভার অনুমতি ও সার্বিক সহযোগিতা চেয়ে প্রশাসনে লিখিত আবেদন করেন জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান। এতে অতিথি করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন প্রমুখ। এ ছাড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার, সাবেক আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদার এবং সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদের নাম ঘোষণা করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়া বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মোতাবেক প্রতিনিধি সভার আহ্বান করা হয়েছিল। এ বিষয়ে আগেভাগেই প্রশাসনকে জানানো হয়েছিল। কতিপয় বহিষ্কৃত নেতা দলকে সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত করতে সরকারি দলের লোকজনের সঙ্গে আঁতাত করে প্রশাসন দিয়ে আমাদের সভা পণ্ড করার চেষ্টা করছে। তবে তাদের অপচেষ্টা সফল হবে না। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান বলেন, ‘দলের ত্যাগী নেতা-কর্মীদের বাইরে রেখে জেলা বিএনপির একটি পক্ষ প্রতিনিধি সভা আহ্বান করেছে, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ কারণে আমরাও প্রতিনিধি সভা আহ্বান করেছি।’

জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভাস্থল ও আশপাশ এলাকায় শনিবার সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময় সেখানে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।