দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের সময় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ছয়জন আহত হয়েছেন। উপজেলার রানীয়ালী গ্রামে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী ওবাইদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী শাহীন রেজার সমর্থকদের মধ্যে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ বছরের ৩১ আগস্ট যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরিচয় না পাওয়ায় লাশটির ছবি তুলে রেখে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পরে জানা যায়, লাশটি পাশাপোল ইউপির চেয়ারম্যান আবুল কাশেমের। কাশেম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
স্থানীয় লোকজন বলেন, গতকাল রানীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এক কিলোমিটার দূরে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা শাহীন রেজার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালান। এতে তিনজন আহত হন। পরে শাহীন রেজার সমর্থকেরা নৌকা প্রতীকের সমর্থকদের ওপর পাল্টা হামলা করেন। নৌকার তিন সমর্থককে পুলিশের কাছে সোপর্দ করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। এ সময় উত্তেজিত লোকজন পুলিশের একটি গাড়িতে ভাঙচুর করেন।
আটক হওয়া ব্যক্তিরা আহত হয়েছেন। তাঁরা হলেন চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের মিলন, আনোয়ার ও ইছাপুর গ্রামের মিন্টু। আহত অপর তিনজন হলেন চৌগাছার রানীয়ালী গ্রামের কৃষ্ণপদ বিশ্বাস, নরহরি বিশ্বাস ও অবনিশ্বর বিশ্বাস। গুরুতর অবস্থায় তাঁদের তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌগাছা থানার ওসি মশিউর রহমান বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনকে আটক করা হয়েছে।