দুই পক্ষের পৃথক সম্মেলন একই দিনে নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুই পক্ষ পৃথক সভা করেছে। দুই পক্ষই ৬ ফেব্রুয়ারি সম্মেলনের তারিখ নির্ধারণ করে কেন্দ্রের অনুমোদন চেয়েছে। তবে কোনো পক্ষই কেন্দ্র থেকে এখনো সিদ্ধান্ত পায়নি।
দলীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর বিভিন্ন কারণে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে বিভক্তি রয়েছে। ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সহসভাপতি মজিবুর রহমান খানকে কেন্দ্র করে একটি পক্ষ এবং অপর সহসভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকারের নেতৃত্বে অপর পক্ষ আলাদাভাবে তৎপর আছে। প্রায় দুই বছর দুই পক্ষ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে।
গত ২৪ জানুয়ারি শহরের শিববাড়ি এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতিউর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় ঘোষণা করা হয়, ৬ ফেব্রুয়ারি শহর আওয়ামী লীগের সম্মেলন হবে। আর গত রোববার বিকেলে ময়মনসিংহ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভায় ৬ ফেব্রুয়ারি শহর আওয়ামী লীগের সম্মেলনের কথা ঘোষণা করা হয়। মজিবুর রহমান খান বলেন, ৬ ফেব্রুয়ারির সম্মেলনের বিষয়ে কেন্দ্র থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। আবদুল মতিন সরকার বলেন, কেন্দ্র অনুমতি দিলে সম্মেলন হতে কোনো বাধা থাকবে না।