দুই পক্ষের বিরোধ, কার্যালয় আট দিন ধরে তালাবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির একটি পক্ষ গত শুক্রবার দলের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। ফলে আট দিন ধরে কার্যালয়ে ঢুকতে পারছেন না দলের আরেক অংশের নেতা-কর্মীরা।
দলের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে উপজেলা বিএনপি বিভক্ত হয়ে পড়ে। নির্বাচনে দল থেকে সমর্থন দেওয়া হয় উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলামকে। এ সময় তৃণমূলের নেতা-কর্মীরা অভিযোগ করেন, তাঁদের মতামত না নিয়েই এই সমর্থন দেওয়া হয়েছে। ফলে তাঁরা বিভক্ত হয়ে বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাকিম খানকে সমর্থন দেন। এতে বিরোধ চরম আকার ধারণ করে। শেষ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমিটি বিদ্রোহী প্রার্থী আবদুল হাকিম খানকে সাময়িক বরখাস্ত করে। নির্বাচনে দুজনই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কাছে হেরে যান। এর পর থেকে দলের দুই অংশ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করতে থাকে। সম্প্রতি জেলা বিএনপির সর্বশেষ কমিটি বিলুপ্ত করা হয়। এরপর বিলুপ্ত কমিটির সভাপতি জহুরুল ইসলামকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু বিদ্রোহী অংশের নেতা-কর্মীরা এ কমিটি মেনে নেননি।
এ ব্যাপারে আবদুল হাকিম খান গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘দলের অধিকাংশ নেতা-কর্মী আমার পক্ষে রয়েছে। কেউ এই আহ্বায়ক কমিটি মানেনি। সবাই আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বেশ কিছুদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু বর্তমান আহ্বায়ক এ বিষয়ে কোনো কর্ণপাত করছেন না। ফলে শুক্রবার সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর মহিলা দলের সভানেত্রী নাসরিন পারভীনের নেতৃত্বে পৌর বিএনপির কয়েকজন নেতা-কর্মীসহ আমার সমর্থকেরা দলীয় প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।’
আবদুল হাকিম খান আরও বলেন, উপজেলা বিএনপির প্রধান কার্যালয়টি নাসরিন পারভীনের মরহুম বাবার অর্থেই নির্মাণ করা হয়। কিন্তু সেখানে তিনি যেতে পারেন না। তাই তালা ঝুলিয়ে দিয়েছেন। এর পরও আহ্বায়কের সমর্থক কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়। তাই এখনো কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে।
এ প্রসঙ্গে পৌর মহিলা দলের সভানেত্রী নাসরিন পারভীন বলেন, ‘কার্যালয়টি আমার বাবার অবসর ভাতার টাকায় নির্মাণ করা হয়। কিন্তু ওই কার্যালয়ে আমাকেই যেতে দেওয়া হয় না। আমি আমার বাবার স্মৃতিবিজড়িত কার্যালয়ে যেতে চাই। উপজেলা বিএনপির নেতা-কর্মীদের কার্যালয়ে ঢোকার পরিস্থিতি তৈরি হলে কার্যালয় খুলতে আমার কোনো বাধা থাকবে না।’
ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম দাবি করেন, ‘উপজেলা বিএনপিতে কোনো বিরোধ নেই। কার্যালয়ও খোলা রয়েছে। আমি ঢাকায় আছি। তবে আমার জানামতে, নেতা-কর্মীরা নিয়মিত কার্যালয়ে বসছেন।’