মানিকগঞ্জ জেলা বিএনপির দুই পক্ষের বিরোধ চরম রূপ ধারণ করেছে। গত রোববার ঢাকায় জেলার দুই নেতার মধ্যে মারামারির ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিন্নাহ কবির জানান, সারা দেশে সাংগঠনিক সফরের অংশ হিসেবে আগামীকাল বুধবার মির্জা ফখরুলের মানিকগঞ্জ সফরে আসার কথা ছিল। ওই ঘটনার পর তা বাতিল করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে,দীর্ঘএক যুগ পর গত বছরের ৮ জুন দলের সাবেক নেতা হারুনার রশিদ খানেরমেয়ে আফরোজা খানকে সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ মঈনুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কিন্তু এক বছর পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি তাঁরা।
সম্প্রতি জেলায় শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ এবং জাসাসের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এরপর জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং দলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সৃষ্টি হয়। নেতা-কর্মীরা আফরোজা খান ও মঈনুল ইসলাম খান—এই দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েন।
১৬ আগস্ট গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেন আফরোজা খানের অনুগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা ১৯ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে কর্মসূচি পালন করেন। অপর পক্ষের নেতা-কর্মীদের এসব কর্মসূচি পালন করতে দেখা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে বর্তমান কমিটির এক নেতা বলেন, দলে আধিপত্য বিস্তার ও মতপার্থক্যের কারণে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। এ কারণে দলীয় কর্মকাণ্ডে এক পক্ষের নেতা-কর্মী উপস্থিত থাকলেও অপর পক্ষ অনুপস্থিত থাকছে কিংবা উভয় পক্ষের নেতা-কর্মীরা পৃথক কর্মসূচি পালন করছেন।
গত রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় জেলা বিএনপির সহসভাপতি খোন্দকার আবদুল হামিদ এবং দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোজাম্মেল হকের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় তোজাম্মেল ও অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন খোন্দকার আবদুল হামিদ।
এ ব্যাপারে কথা বলতে গত রোববারজেলা বিএনপির সভাপতিআফরোজা খানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়। তিনি অসুস্থ থাকায় ফোন ধরেননি বলে জানা যায়। তবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রথম আলোকে বলেন, ‘জেলায় দলের মধ্যে কোনো বিভক্তি নেই। তবে সম্প্রতি দলের অঙ্গসংগঠনের কমিটি গঠন নিয়ে কিছুটা অভ্যন্তরীণ দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। সেটা সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’
তৃণমূল কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, জেলায় দলের বিভিন্ন অঙ্গসংগঠনের গঠিত কমিটিতে ‘ত্যাগী’ নেতারা স্থান পাননি। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আবার এসব কারণে যুবদলের কমিটিও গঠন করা যাচ্ছে না। ফলে নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ।
জেলার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান বলেন, দলের মধ্যে কোনো বিভক্তি নেই।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক বলেন, কমিটিতে স্থান পাওয়া মধ্যম সারির কিছু নেতা-কর্মী তাঁদের ব্যক্তিস্বার্থের জন্য দ্বিধা-বিভক্তি সৃষ্টির পাঁয়তারা করছেন।