দুই পক্ষের বিরোধ ছড়িয়ে পড়েছে তৃণমূলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষের বিরোধ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়েছে। কমিটি গঠন নিয়ে দুই পক্ষের বিরোধ এখন প্রকট হয়েছে। উভয় পক্ষই উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাল্টাপাল্টি কমিটি গঠন করছে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত পৌরসভা নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একটি পক্ষে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অপর পক্ষের নেতৃত্বে উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর কুলাউড়া পৌরসভার নির্বাচনে সফি আহমদ মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নির্বাচনে বিজয়ী হন দলের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শফি আলম ইউনুছ। নির্বাচনে রফিকুল ইসলাম শফি আলমের পক্ষে কাজ করেছেন বলে সফি আহমদ অভিযোগ তোলেন। এরপর থেকে এই দুই নেতার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত ৫ ফেব্রুয়ারি উপজেলার কাদিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলনে রফিকুলের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সফি আহমদকে দল থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করেন। জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফিরোজ ও যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ পাল্টা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সফির বহিষ্কারাদেশ ‘অগঠনতান্ত্রিক’ উল্লেখ করে এটি সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত বলে জানান।

নেতা-কর্মীরা জানান, গত ২৯ জুন দুটি পক্ষ উপজেলা সদরে আলাদাভাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। ১৭ সেপ্টেম্বর উপজেলার টিলাগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের দুটি পক্ষ পাল্টাপাল্টি সম্মেলন ও কাউন্সিল ডাকে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষ আলাদা কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে। একইভাবে ১৫ নভেম্বর ভাটেরা ও ২৭ নভেম্বর কুলাউড়া সদর ইউনিয়নে সম্মেলন ও কাউন্সিল ডেকে দুই পক্ষ কমিটি গঠন করে।

এ ব্যাপারে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘দল তার নিয়মে চলে। আমরা সে নিয়ম মেনেই চলছি। অন্যরা কে কী করছে, তা আমাদের জানার-দেখার বিষয় নয়।’

এ কে এম সফি আহমদ বলেন, ‘দলের তৃণমূলের নেতা-কর্মীরা আমাদের পক্ষে। হাতে গোনা কয়েকজন নেতা দলকে নষ্ট করছেন।’

কুলাউড়ায় দলে গৃহবিবাদ সম্পর্কে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, ‘সবকিছু আমার নলেজে নেই। স্থানীয় নেতারাই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।’