বান্দরবানে বিএনপিই বিএনপির প্রধান বাধা। এখানে দলের একাংশ কোনো সভা-সমাবেশের আয়োজন করলে তাতে হামলা চালায় আরেক অংশ। গত সাত মাসে এমন চারটি হামলা হয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও হয়েছে। দলের উভয় অংশের নেতারাই পরস্পরকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘এজেন্ট’ বলে মন্তব্য করে আসছেন।
দলীয় সূত্রগুলো জানায়, এখন দলের বিবদমান দুটি পক্ষের মধ্যে একটির নেতৃত্বে আছেন জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরি ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যা জেরি-আজিজ গ্রুপ নামে পরিচিতি পেয়েছে। অপর পক্ষের নেতৃত্বে আছেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জাবেদ রেজা ও সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ। এ অংশটি জাবেদ-মাবুদ গ্রুপ নামে পরিচিত।
দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, একসময় এখানে বিএনপির রাজনীতি ও অন্তর্দলীয় কোন্দল, সবই ছিল বোমাং রাজপরিবারকেন্দ্রিক। গত বছর ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচনের সময় সেটা নতুন মাত্রা পায়। তখন দল থেকে বেশ কয়েকজন বহিষ্কারের পর রাজপরিবারকেন্দ্রিক কোন্দল স্তিমিত হয়ে পড়ে।
কিন্তু তখন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় জেলা কমিটির সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। তখন জেলা বিএনপি জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করে। কিছুদিন পর মেয়র জাবেদ রেজা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হলে তাঁর সঙ্গে জাহাঙ্গীরের দ্বন্দ্ব শুরু হয়। এ পর্যায়ে জাহাঙ্গীর চলে যান জেরি-আজিজ গ্রুপে।
চলতি বছরের শুরু থেকে বিবদমান দুই পক্ষই দলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে মরিয়া হয়ে ওঠে। গত জানুয়ারি থেকে বিভিন্ন সময়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে দুই পক্ষ চার দফা সংঘর্ষে লিপ্ত হয়েছে। প্রত্যেক ঘটনায় উভয় পক্ষ পরস্পরের নেতা-কর্মীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করেছে।
জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরি প্রথম আলোর কাছে দাবি করেন, বিএনপির মূল স্রোত তাঁদের সঙ্গেই আছে। পৌরসভা মেয়র জাবেদ রেজা নিজের আধিপত্য বলয় প্রতিষ্ঠার জন্য জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন।
আর আবেদ রেজা দাবি করেন, আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে তাঁর যোগাযোগ নেই। জেরি-আজিজই সরকারি দলের আজ্ঞাবাহী। তাঁরা সরকারি দলের পৃষ্ঠপোষকতা ও ছাড়পত্র ছাড়া দলীয় কোনো কাজ করেন না।
এ অভিযোগ অস্বীকার করেন সাচিং প্রু জেরি ও আজিজুর রহমান। তাঁরা বলেন, জাবেদ রেজা নিজের আঁতাতের কথা ঢাকতে তাঁদের বিরুদ্ধে এ রকম কথা এলাকায় রটাচ্ছেন।
একসময় সাচিং প্রু জেরির বিপক্ষে ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ওসমান গণি। জাবেদ রেজা প্রশ্নে এখন তাঁরা এক হয়েছেন। ওসমান গণি অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত একজন নেতার সঙ্গে যুক্ত হয়ে জাবেদ রেজা ‘জাগো পার্বত্যবাসী’ নাম দিয়ে একটি সংগঠন গড়ে তুলেছেন। গত ১১ মার্চ জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সন্তু লারমার বান্দরবানে আসাকে কেন্দ্র করে ‘জাগো পার্বত্যবাসীর’ ব্যানারে হরতাল ডাকা হয় এবং ওই দিন জেএসএসের সঙ্গে ব্যাপক সংঘর্ষও হয়। ওই ঘটনার আগ পর্যন্ত এই সংগঠনের নাম কেউ শোনেনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, অতীতে কোনো না কোনো কারণে বিএনপির সঙ্গে পাহাড়িদের দূরত্ব সৃষ্টি হয়েছিল। এ দূরত্ব ঘোচানোর জন্য বিএনপি পরে সচেষ্ট হয়েছে। কেন্দ্রীয়ভাবে বিএনপি ও সব সহযোগী সংগঠনে উপজাতীয়বিষয়ক সম্পাদকের পদ সৃষ্টি করা হয়েছে। সব পাহাড়ি জনগোষ্ঠীকে দলে আনা হচ্ছে। কিন্তু সরকারি দলের এক নেতার সঙ্গে মিলে জাবেদ রেজা জাগো পার্বত্যবাসী নামে সংগঠন তৈরি করে আবার পাহাড়িদের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরির চেষ্টা করছেন। এ জন্য জাবেদ রেজাকে জেলা কমিটির সবার সম্মতিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবশ্য জাবেদ রেজা দাবি করেন, ‘আমি অসাম্প্রদায়িক বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি করি। জাগো কিংবা ঘুমাও পার্বত্যবাসী বলে কারও সঙ্গে আমার যোগাযোগের প্রয়োজন নেই।’ তাঁর অভিযোগ, পৌরসভা নির্বাচন ঘনিয়ে আসায় এবং তাঁর জনপ্রিয়তা দেখে ক্ষমতাসীনদের ‘প্রেসক্রিপশন অনুযায়ী’ দলীয় একটা মহল তাঁর বিরুদ্ধাচরণ করছে।
দুই পক্ষের এই পাল্টাপাল্টি দাবি ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো পক্ষে নেই এমন একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, ‘নিজেরা নিজেরা লড়াইয়েই এখানে বিএনপি বিপর্যস্ত। বিএনপি বনাম বিএনপির এ খেলায় সরকারি দল রেফারির ভূমিকা পালন করছে। দুই পক্ষই কোনো না কোনোভাবে সরকারি দলের সমর্থন বা পৃষ্ঠপোষকতা পাচ্ছে।’