দুই পক্ষের সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হেতালিয়া, উমখালি ও আন্নোয়ারঘোনা চিংড়িঘের দখল নিয়ে গতকাল মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার, সরকারি জায়গা স্লুইসগেট এবং হেতালিয়া, উমখালি ও আন্নোয়ারঘোনা চিংড়িঘের দখলকে কেন্দ্র করে ইউনিয়নের কেরুনতলী এলাকার এনামুল করিম ও ফেরদৌস চৌধুরীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে এর আগেও বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। পাল্টাপাল্টি মামলা হয়। তিনটি চিংড়িঘের দখল নিয়ে গতকাল সকাল সাতটার দিকে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা, রামদা ও বন্দুক নিয়ে সংঘর্ষ শুরু হয়। তা চলে প্রায় তিন ঘণ্টা ধরে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এ সময় অন্তত আটজন গুলিবিদ্ধ হন। তাঁরা হলেন শাহাব উদ্দিন (৩৫), আহসান উল্লাহ (৩২), মোহাম্মদ রাশেদ (২৫), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মোস্তফা (২৬), নুরুল হক (৩২), নেজাম উদ্দিন (২৫) ও মোহাম্মদ লোকমান (২৭)। এ ছাড়া আরও ১২ জন আহত হয়েছেন। তবে বিষয়টি প্রথম আলোর পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
তবে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইজতিয়াক খালেদ বলেন, শাহাব উদ্দিন ও নুরুল হক নামের দুজনকে এখানে আনা হয়েছিল। তাঁরা ছড়রা গুলিতে বিদ্ধ হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এনামুল করিম চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন ধরে ওই তিনটি চিংড়িঘের ভোগদখল করে আসছেন। কিন্তু উচ্ছেদ করার জন্য তাঁর প্রতিপক্ষ ফেরদৌস চৌধুরী লোকজন নিয়ে চিংড়িঘেরে হামলা করেন।
অভিযোগ অস্বীকার করে ফেরদৌস চৌধুরী বলেন, তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে বর্গা নিয়ে অনেক দিন ধরে হেতালিয়া, উমখালি ও আন্নোয়ারঘোনা চিংড়িঘেরে মাছ চাষ করে আসছেন। তাঁকে ঘের থেকে উচ্ছেদ করতে এনামুল করিম চৌধুরী তাঁর লোকজন নিয়ে হামলা চালান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, এলাকার আধিপত্য বিস্তার ও চিংড়িঘের দখল নিয়ে অনেক আগে থেকেই এনামুল করিম ও ফেরদৌস পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল সংঘর্ষ চলাকালে একজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।