দুই প্রার্থীর সৌহার্দ্য

আওয়ামী লীগ ও বিএনপি এই রাজনৈতিক দল দুটির প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে নির্বাচনে ভোট দিতে আসা ভোটাররা ছাড়াও কেন্দ্রে উপস্থিত মানুষজন সবাই বেশ আনন্দ পেয়েছেন।
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার চেয়ারম্যান পদে উপনির্বাচনের দিন গতকাল সোমবার সকাল নয়টায় উপজেলা ক্রীড়া সংস্থাসংলগ্ন অস্থায়ী কেন্দ্রের সামনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আহসানুল হক তুহিন ও বিএনপির প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন খান পরস্পরকে জড়িয়ে ধরে কুশলবিনিময় করেন। শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলতে দেখে ভোটারদের পাশাপাশি প্রার্থীরাও বেশ আনন্দ পেয়েছেন। এ সময় গণমাধ্যমের লোকজনের কাছে দুই প্রার্থী সুষ্ঠু ভোটের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
গত বছরের ৮ নভেম্বর গলাচিপার পৌর মেয়র আবদুল ওহাব খলিফা মারা যান। তাঁর মৃত্যুতে মেয়র পদটি শূন্য হওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ওহাব খলিফার ছেলে আহসানুল হক তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান এবং স্বতন্ত্র হিসেবে উপজেলা বিএনপির উপদেষ্টা মু. আবু তালেব মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গ্রহণ চলাকালে আওয়ামী লীগের প্রার্থী গতকাল সকাল নয়টার দিকে উপজেলা ক্রীড়া সংস্থাসংলগ্ন অস্থায়ী কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে এসে দেখেন বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন কেন্দ্র ঘুরে দেখতে এসেছেন। এ সময় দুই প্রার্থী হাত মিলিয়ে ও একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করে হাস্যোজ্জ্বলভাবে সৌহার্দ্য বিনিময় করেন। কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার, দুই প্রার্থীর সমর্থক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনে দায়িত্বে থাকা সবাই দুই প্রার্থীর এই ভ্রাতৃসুলভ ভূমিকা দেখে করতালি দিয়ে তাঁদের অভিনন্দন জানান।
এ সময় কেন্দ্রে ভোট দিতে আসা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জু সর্দার বলেন, ‘ভোট দিতে এসে দুই প্রার্থী যেভাবে নিজেদের আলিঙ্গনে বেঁধে ফেলল, তাতে আমরা শুধু আনন্দিতই হইনি, এটা আমাদের কাছেও পরম পাওয়া। এটা একটা দৃষ্টান্ত হতে পারে।’
নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন খান বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন শান্তিপূর্ণ ভোট হবে। আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এতেই আমরা খুশি। নির্বাচন-পরবর্তী সময়েও এখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আমি আশা করি।’
আওয়ামী লীগের আহসানুল হক তুহিন বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়েও আমরা এইভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাব। আমরাও চাই শান্তিপূর্ণ সহাবস্থান।’
আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী: পটুয়াখালীর গলাচিপা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক তুহিন (নৌকা) ৬ হাজার ২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন খান (ধানের শীষ) পেয়েছেন ৮২৪ ভোট।