দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের প্রায় দুই বছরেও নড়াইল জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এদিকে ছাত্রত্ব নেই, বিবাহিত, ব্যবসায়ী, হত্যা ও ছিনতাই মামলার আসামিও ১১ সদস্যের কমিটিতে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে সংগঠনের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ২৩ নভেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। কিন্তু সেখানে কাউন্সিলরদের মতামত নেওয়া বা ভোটাভুটি হয়নি। তোফায়েল মাহামুদকে সভাপতি, আশরাফুজ্জামান মুকুলকে সাধারণ সম্পাদক; নিলয় রায়, আবু সুফিয়ান বাহার, টমাস বিশ্বাসকে সহসভাপতি; চঞ্চল শাহরিয়ার ও কামরুজ্জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মনিরুজ্জামান, শরিফুল ইসলাম ও শাহারিয়ার আহাদকে সাংগঠনিক সম্পাদক করে জেলা ছাত্রলীগের ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
জানতে চাইলে সহসভাপতি নিলয় রায় বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক আজও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পরেননি। এমনকি বর্ধিত সভাও ডাকেননি। এ বিষয়ে বেশ কয়েকবার বলা হলেও তাঁরা গুরুত্ব দেননি।
এদিকে সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হত্যাচেষ্টা মামলা এবং নড়াইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম হত্যা মামলার আসামি। যদিও পরে আমিরুল হত্যা মামলা অর্থের বিনিময়ে মীমাংসা করা হয়। সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ছিনতাই মামলার আসামি। নাম প্রকাশ না করার শর্তে সদর থানার একজন উপপরিদর্শক (এসআই) এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বিবাহিত।
লোহাগড়া থানা ছাত্রলীগের সভাপতি জোসেফ মুন্সি বলেন, থানা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম একটি হত্যা মামলার আসামি। লোহাগড়া পৌর সভাপতি ইমদাদুল ইসলাম ও লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আলামিন সুজন বিবাহিত। কালিয়া থানা ছাত্রলীগের সভাপতি আব্রাহাম হোসেনের ছাত্রত্ব নেই। তিনি আরও বলেন, নড়াগাতি থানা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুল আলম ব্যবসায়ী।
জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বলেন, নজরুল ইসলামকে হত্যাচেষ্টায় তিনি জড়িত নন। কে বা কারা তাঁকে মারপিট করেছিল। তিনি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এরপর এ ঘটনায় মামলায় তাঁকেও আসামি করা হয়। এ ছাড়া আমিরুল হত্যা মামলায়ও তাঁকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছিল। পরে মিটমাট হয়ে গেছে।
সভাপতি তোফায়েল মাহামুদ বলেন, জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করে তা সম্প্রতি কেন্দ্রে পাঠানো হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় বেশ কয়েকটি থানা ও কলেজ পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। হত্যা ও ছিনতাই মামলার আসামি ও বিবাহিতদের শনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কাজ চলছে।