ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রায় দুই বছর হতে চললেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। বর্তমানে দুজনের কমিটি দিয়েই চলছে দল। তার মধ্যে সভাপতি দীর্ঘদিন ধরে অসুস্থ। এখন সাধারণ সম্পাদকই সর্বেসর্বা। আবার তিনিও উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় ব্যস্ত থাকেন সারাক্ষণ। ফলে ঝিমিয়ে পড়েছে দলীয় কার্যক্রম। এ নিয়ে হতাশ তৃণমূল নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, ২০১২ সালের ২১ ডিসেম্বরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফয়েজ আহম্মদকে সভাপতি ও মেজবাউল হায়দার চৌধুরী ওরফে সোহেল চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এর পর থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, সভাপতি ফয়েজ আহম্মদ গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ ও পরবর্তী সময়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু তিনি দলীয় সমর্থন পাননি। এর পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। অপর দিকে সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী ব্যস্ত থাকেন উপজেলা পরিষদের কার্যক্রম ও সালিসসহ নানা কাজে। এখন জাতীয় দিবসের কর্মসূচি ছাড়া আর কোনো কর্মকাণ্ড নেই। এমনকি ছাগলনাইয়ায় দলীয় কোনো কার্যালয় পর্যন্ত চালু করতে পারিনি কমিটি।
উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী জেলা কমিটির বর্তমান সহসভাপতি সিরাজদ্দৌলা বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে শুনেছি। তবে এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি না করে আবার সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে পারলে ভালো হয়।’
আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা বলেন, আগে এখানে দলের কর্মকাণ্ড গতিশীল ছিল। এখন তেমন কোনো কার্যক্রম চোখে পড়ে না। তিনি বলেন, উপজেলা সদর ঘুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বললেই জানা যাবে, দলের অবস্থা কী।
এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী বলেন, ‘এখানে দলের সব কর্মসূচি নিয়মিতভাবে পালিত হচ্ছে। নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ বেড়েছে।’ তিনি বলেন, শিগগির ৬৭ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি করা হবে।